নেদারল্যান্ডের দ্বিতীয় রাউণ্ড নিশ্চিত
ওসেলি স্নাইডারের গোলে জাপানকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউণ্ডের পথে অনেকটাই এগিয়ে গেছে নেদারল্যান্ড। প্রথম থেকেই জাপানের ওপর চড়াও হয়ে খেললেও নেদারল্যান্ডকে গোলের জন্য অপেক্ষা করতে হয় খেলার ৫৩ মিনিট পর্যন্ত। গোলটির জন্য জাপানি সমর্থকরা পুরোপুরি দায়ী করতে পারেন জাপানি গোলরক্ষক ইজি কাওয়াশিমাকে। স্নাইডারের শটে কাওয়াশিমা ফ্লাইট মিস করলে বল জাপানি গোলপোস্টে আশ্রয় নেয়।নেদারল্যান্ড জাপানের বিপক্ষে বড় জয়ের স্বপ্ন দেখলেও খেলার শুরু থেকে জাপানি খেলোয়াড়রা ডাচ খেলোয়াড়দের পায়ের সঙ্গে পা লাগিয়ে খেলে তাদের হতাশায় ডোবাতে থাকে, ফলশ্রুতিতে দর্শকদের জন্য খেলাটি পরিণত হয় চোখের জন্য বিরক্তিকর হিসেবে। খেলার প্রথমার্ধে জাপানের বিপক্ষে নেদারল্যান্ড গোলের মাত্র একটি সুযোগ তৈরী করতে সক্ষম হয়।গোলটি ছাড়া এই খেলাটিতে বলার মতো ব্যাপার খুবই কম। খেলা শেষ হওয়ার মিনিট দুয়েক আগে আরেক ডাচ তারকা ফন পার্সি গোলরক্ষক কাওয়াশিমাকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন।গ্রুপ ‘ই’তে এই পর্যন্ত শীর্ষে রয়েছে নেদারল্যান্ড। তারা তাদের দুটো খেলাতেই জয় পেয়েছে। জাপান প্রথম ম্যাচে ক্যামেরুনকে হারিয়েছে। আজ রাতে মুখোমুখি হচ্ছে ক্যামেরুন ও ডেনমার্ক। সবমিলিয়ে এই গ্রুপে দ্বিতীয়স্থানের লড়াইটা জমে ওঠার অপেক্ষায় এখন সবাই।