নেপথ্য নায়কদের পালাবদল

রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, চেলসি, ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ট-জার্মেই, নাপোলি—এই ক্লাবগুলোর মধ্যে মিল কোথায়? খুব সরল উত্তর হবে, এগুলো সব ইউরোপের কুলীনগোত্রীয় ফুটবল ক্লাব। কিন্তু ফুটবলের সাম্প্রতিক খোঁজখবর যাঁরা রাখেন, তাঁরা বুঝে গেছেন কেন এই নামগুলো পরপর সাজানো। আগামী মৌসুমে প্রতিটি ক্লাবই নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন কোচের অধীনে। একই মৌসুম শেষে এতগুলো বড় ক্লাবের কোচবদল ফুটবল ইতিহাসেই কখনো হয়েছে কিনা সন্দেহ!বহু ব্যবহারে ক্লিশে হয়ে পড়েছে, তার পরও ফুটবল কোচদের নিয়ে একটা কথা সব সময়ই প্রাসঙ্গিক—কোচ দুই ধরনের, যাঁরা বরখাস্ত হয়েছেন আর যাঁরা বরখাস্ত হতে চলেছেন। তবে বড় ক্লাবগুলোর সব কোচকেই যে বিদায় নিতে হয়েছে এমন নয়, কেউ স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন, আবার কেউ বা ডাগ-আউটের সঙ্গেই সব সম্পর্ক চুকিয়ে ফেলেছেন।স্যার অ্যালেক্স ফার্গুসনের কথাই ধরুন। কে ভাবতে পেরেছিল, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এই মৌসুম শেষেই ছিন্ন হয়ে যাবে দীর্ঘ ২৮ বছরের সম্পর্ক! অবসর নিয়ে জল্পনাকল্পনা চলছিল অনেক দিনই। তবে গত এপ্রিলে মৌসুম শেষেই অবসর নেওয়ার ঘোষণা দিয়ে সবাইকে চমকেই দিয়েছেন ফার্গি। উত্তরসূরি ডেভিড ময়েস কত দূর কী করতে পারবেন, সেটা সময়ই বলে দেবে। তবে ওল্ড ট্রাফোর্ডের দর্শকদের ফার্গিবিহীন ডাগ-আউটের সঙ্গে অভ্যস্ত হতে একটু কষ্টই হবে! ইউরোপে এবারের কোচবদল যেন অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। শুরুটা হয়েছিল এই বছরের জানুয়ারিতে পেপ গার্দিওলাকে দিয়ে, আর তিনদিন আগে কার্লো আনচেলত্তি রিয়ালে যোগ দিয়ে আপাতত সমাপ্তি টেনেছেন এই পালাবদলের। মজার ব্যাপার, ঘুরেফিরে সেই চেনা মুখগুলোই এক ক্লাব থেকে গিয়ে ঠাঁই নিয়েছেন অন্য ক্লাবে। ডাগ-আউটে তাই এবারও দেখা যাবে গত মৌসুমের পরিচিত মুখগুলোই।
তবে যাঁদের দেখা যাবে না, তাঁদের পুরোভাগে ফার্গুসনের সঙ্গে আছেন ইয়ুপ হেইঙ্কেসও। বায়ার্ন মিউনিখের বিদায়ী কোচ এই মৌসুমে দলকে নিয়ে গেছেন অনতিক্রম্য উচ্চতায়। কিন্তু বায়ার্ন সেটির মূল্য না দেওয়ায় হেইঙ্কেস বিদায় বলে দিয়েছেন ফুটবলকেই। প্রত্যাশার চাপ কী, সেটা সামনের মৌসুমে পেপ গার্দিওলার চেয়ে ভালো আর কেউ টের পাবেন বলে মনে হয় না! ট্রেবলজয়ী কোচের শূন্যস্থান পূরণ বিশাল এক চ্যালেঞ্জই। তবে হেইঙ্কেসকে পাওয়ার জন্য কিন্তু রিয়াল মাদ্রিদ বেশ উৎসাহী ছিল। হোসে মরিনহোর উত্তরসূরি হিসেবে এই জার্মানই ছিলেন রিয়ালের প্রথম পছন্দ। মরিনহোর সঙ্গে রিয়ালের বিচ্ছেদটা কিছুদিন ধরেই মনে হচ্ছিল শুধুই সময়ের ব্যাপার। সাফল্যহীনতা, দলের অন্তর্দ্বন্দ্ব সব মিলে রিয়ালে মরিনহোর অবস্থা হয়ে পড়েছিল ডাঙায় তোলা মাছের মতো। সে কারণেই চেলসিতে ফিরে প্রথম সংবাদ সম্মেলনেই বললেন, স্পেশাল ওয়ান নন, তিনি এখন হ্যাপি ওয়ান।
চেলসি থেকে তিক্ততায় বিদায় নিলেও এই ক্লাবটি মরিনহোর হূদয়ে আলাদা একটা জায়গা নিয়ে আছে। স্টামফোর্ড ব্রিজে এসে তাই ঘরে ফেরার অনুভূতিই হচ্ছে তাঁর। তবে যাঁর জায়গায় এসেছেন, সেই রাফায়েল বেনিতেজ খুব একটা খারাপ করেননি গত মৌসুমে। দলকে লিগ জেতাতে পারেননি, কিন্তু শুরুর টালমাটাল দশা কাটিয়ে এনে দিয়েছেন ইউরোপা লিগ। তার পরও বেনিতেজ ছিলেন অন্তর্বর্তীকালীন কোচই। চেলসিকে বিদায় জানানোর পর বেনিতেজ ফিরেছেন ইতালিতে, তাঁর ঠিকানা এখন নাপোলি।
নাপোলির বিদায়ী কোচ ওয়াল্টার মাজ্জারির ব্যাপারটা একটু অদ্ভুতই। নাপোলি থেকে গেছেন ইন্টার মিলানে, যারা কিনা এবার কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলছে না! অথচ নাপোলি গতবার জুভেন্টাসের সঙ্গে শিরোপাযুদ্ধে বেশ ভালোভাবেই ছিল। তবে এটাও ঠিক, চ্যালেঞ্জই যদি হয় দূরের বাতিঘর, তবে দিশেহারা ইন্টারের দায়িত্ব নিয়ে মাজ্জারি ঠিক কাজই করেছেন।
চ্যালেঞ্জটা ভালোমতো টের পাবেন ম্যানচেস্টার সিটির নতুন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও। কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেও গত মৌসুমে শূন্য ছিল সিটির শিরোপার ভাঁড়ার। রবার্তো মানচিনিকে তাই ব্যর্থতার খেসারত দিয়ে চলে যেতে হয়েছে। মালাগার পেলেগ্রিনিকে মোটামুটি সফলই বলা যায়। তবে এই চিলিয়ান ভালো করেই জানেন, সিটিতে সাফল্যের সংজ্ঞা ভিন্ন। শিরোপা ছাড়া অন্য যেকোনো কিছুকেই ধরা হবে ব্যর্থতার নামান্তর।
সামনের মৌসুমে পাদপ্রদীপের আলোতে সবচেয়ে বেশি থাকবেন কার্লো আনচেলত্তিই। রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার চাপ এই ইতালিয়ানের না-জানার কথা নয়। সেই চ্যালেঞ্জটা লোভনীয় মনে হয়েছে বলেই পিএসজির সঙ্গে চুক্তির বরখেলাপ করে চলে এসেছেন বার্নাব্যুতে। পিএসজি দায়িত্ব নিয়েছেন ফ্রান্সের লরাঁ ব্লাঁ।
দিন শেষে রবার্তো মানচিনি ও আন্দ্রেয়া স্ত্রামাৎচনি নিজেদের দুর্ভাগাই ভাবতেই পারেন। সিটি ও ইন্টারে চাকরি হারানোর পর এই দুজন যে এখনো নতুন ক্লাব খুঁজে পাননি!