নেপথ্যে তাহলে নেইমারের বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার আগ্রহ তো ছিলই। চেয়েছিলেন নেইমারও। ব্যস, হয়ে গেল চুক্তি!
আগে কিন্তু শোনা যায়নি, চুক্তিতে সান্তোস অসন্তুষ্ট। এত দিন পরে এসে একটু অবাক করা সেই তথ্যটাই দিলেন সান্তোসের অন্তর্বর্তীকালীন সভাপতি ওডিলিও রদ্রিগেজ ফিলহো। নেইমারকে ঠিক এই সময়ে বিক্রি করার নাকি কোনো ইচ্ছে ছিল না ওদের। কিন্তু ব্রাজিলিয়ান স্ট্রাইকারের বাবার জোরাজুরিতেই অপছন্দের কাজটা তাদের করতে হয়েছে।
এ বছরের শেষ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি ছিল সান্তোসের। ব্রাজিলিয়ান ক্লাবটি চেয়েছিল তাঁর সঙ্গে ২০১৬ পর্যন্ত চুক্তি নবায়ন করতে। কিন্তু নেইমারের বাবা নেইমার দা সিলভা সিনিয়র নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, চুক্তি নবায়ন করবে না তাঁর ছেলে। স্থানীয় দৈনিক ফোলহা দে সাও পাওলোর কাছে এ তথ্যটা জানিয়েছেন ফিলহো, ‘আমরা দুই মাস ধরে চেষ্টা করলাম ওর (নেইমার) সঙ্গে চুক্তি নবায়ন করতে। কিন্তু তার বাবা বলে দিল, আমার ছেলে বর্তমান চুক্তি শেষ হওয়ার পর আর এক মিনিটও থাকবে না।’
চুক্তিটা শেষ হওয়ার আগে অন্য কোথাও বিক্রি না করলে মুক্ত খেলোয়াড় হয়ে যেতেন নেইমার। সে ক্ষেত্রে অন্য ক্লাব তাঁকে কিনে নিলে এক পয়সাও পেত না সান্তোস। কনফেডারেশনস কাপের আগেই তাই বার্সেলোনার সঙ্গে চুক্তি করে নেওয়ার জন্য সান্তোসকে সময় বেঁধে দিয়েছিলেন নেইমারের বাবা। বাধ্য হয়েই নাকি তখন নেইমারকে বিক্রি করে দেওয়া হয়। কিন্তু এটা যে ব্রাজিলিয়ান ক্লাবটির জন্য বিশাল এক ক্ষতি সেটা স্বীকার করতে ভোলেননি ফিলহো, ‘কোনো ক্লাবই চায় না তাদের আইডলকে এভাবে হারাতে। এটা সমর্থকদের মনোবলে ধাক্কা দেয়, ক্লাবের খেলায় এবং ভবিষ্যৎ চুক্তিতেও প্রভাব ফেলে।’
ক্ষতিটা তাহলে কীভাবে পোষাবে সান্তোস? ফিলহোর আত্মবিশ্বাসী জবাব, ‘আমরা পরিণতিটা জানি। অতীতেও আমরা এমন পরিস্থিতিতে পড়েছি, যখন পেলে কিংবা অন্য তারকারা ক্লাব ছেড়ে চলে গিয়েছিলেন।’ ওয়েবসাইট।