নেপথ্যে বিপরীত দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাগআউটে ধীরস্থির থাকার যদি কোনো পুরস্কার থাকত, নির্ঘাত সেই পুরস্কার জিতে যেতেন তিনি। এই যে এবার স্পেনের খেলা নিয়ে এত সমালোচনা, স্ট্রাইকারবিহীন একাদশ সাজানো নিয়ে কতজনের কত কথা; ভিসেন্তে দেল বস্ক বরাবরের মতো নিশ্চুপ। একমনে নিজের কাজ করে চলেছেন। অন্যদিকে, বয়সের কারণেই কি না, পাওলো বেন্তো মোটামুটি দেল বস্কের বিপরীত মেরুর। দল গোল করলে যেভাবে উচ্ছ্বাসে ভেসে যান, মনে হয় এখনো খেলোয়াড়ি দিনেই পড়ে আছেন। আজকের লড়াইটা ৬১ বছর বয়সী সুস্থির দেল বস্ক বনাম ৪৩ বছর বয়সী ‘তরুণ’ বেন্তোরও।২০০৮ সালে লুইস আরাগোনেসের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছিলেন দেল বস্ক। এ যেন রিলে দৌড়ের ব্যাটন হাতবদল। আরাগোনেস যেখান থেকে শেষ করেছেন, সেখান থেকেই শুরু করেছেন দেল বস্ক। এই রূপান্তরকালীন সময়টা এতটাই মসৃণ হয়েছে, কোচ বদলের কোনো প্রভাবই পড়েনি দলে। প্রভাব পড়েনি কথাটা অবশ্য মোটা দাগে ভুল। আরাগোনেসের স্পেন আরও উজ্জ্বল হয়েছে দেল বস্কের সময়। গত বিশ্বকাপের বাছাইপর্বে দশ ম্যাচের দশটাই জিতেছে স্পেন, বিশ্বকাপ জেতার পর ইউরোর বাছাইপর্বেও আট ম্যাচের আটটিতেই জয়। প্রতিযোগিতামূলক ম্যাচে তাঁর অধীনে স্পেনের মাত্র দুটি পরাজয়—২০০৯-এর কনফেডারেশনস কাপে যুক্তরাষ্ট্র আর ২০১০ বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে।দেল বস্কের কৃতিত্ব শুধু সাফল্যে নয়। সাফল্য আয়নায় প্রতিফলিত হয়। এর নেপথ্যে থাকে অনেক টুকরো ছবি, যেগুলো থেকে যায় অগোচরে। ‘রিয়াল মাদ্রিদের লোক’ দেল বস্ক দারুণ আস্থা অর্জন করেছেন বার্সার খেলোয়াড়দের। স্পেনের এখন পর্যন্ত যা সাফল্য, তার মূল কারিগরও বার্সার খেলোয়াড়েরাই। কাতালান আবেগের বৃত্ত থেকে স্প্যানিশ জাতীয়তাবোধে জাভিদের উজ্জীবিত করা দেল বস্কের অন্যতম অর্জন। শুধু তা-ই নয়, স্পেনের খেলার ধরন ঠিক করতে তিনি বেছে নিয়েছেন বার্সার টিকি-টাকাই। বেন্তোর সবচেয়ে বড় সাফল্য কী? অবশ্যই ক্লাবের রোনালদোকে জাতীয় দলেও নিয়ে আসা। তবে এর চেয়ে বড় কৃতিত্ব, রোনালদোর ছায়ার আড়াল থেকে পর্তুগালকে বের করে নিয়ে আসা। এত যে এবার রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স, তার পরও প্রতি ম্যাচ শেষে বেন্তো পুরো কৃতিত্ব ভাগ করে দিয়েছেন দলকে। ‘আমি ম্যাচের পর কোনো একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলি না। আমি সব সময়ই দলের সামগ্রিক খেলা বিশ্লেষণ করি’—রোনালদো-স্তুতি শুনতে চাওয়া সাংবাদিকদের কাছে এই ছিল তাঁর জবাব। বেন্তোর আরেকটি গুণও দেখতে পান পর্তুগিজ ডিফেন্ডার পেপে, ‘কোন খেলোয়াড়টি কখন কী ভাবছে, তিনি ঠিকই বুঝতে পারেন।’ আজ সেমিফাইনাল শেষে কোন দৃশ্যটা দেখবে সবাই—দেল বস্কের গুঁফো হাসি নাকি বেন্তোর তুমুল উদ্যাপন? এএফপি, রয়টার্স।