নেপথ্যের ওঁরা দুজন
একজনের বয়স ৫৯ বছর, আরেকজন এক বছরের ছোট। বয়সের মতো দুজনের মধ্যে মিল আছে চেহারা-চরিত্রে, মিল তাঁদের কর্মদর্শনেও। দুজনের চেহারাতেই কেমন গম্ভীর আর স্নেহশীল পিতার ছায়া লুকিয়ে। দুজনেই অত্যন্ত স্থির প্রকৃতির।বলা হচ্ছে, আজকের ফাইনালে প্রতিদ্বন্দ্বী দুই কোচের কথা। একজন স্পেনের ভিসেন্তে দেল বস্ক। আরেকজন বয়সে তাঁর এক বছরের ছোট হল্যান্ডের বার্ট ফন মারউইক। খুব শান্ত আর ধীরস্থির প্রকৃতির মানুষ দুজনই। মনের ভেতরে কী হয় কে জানে, তবে বাইরে থেকে ঠিক বোঝা যায় না তাঁদের উচ্ছ্বাস, আবেগ, হতাশা। কাউকে কিছু বলতে হলে সহকারী একজনকে কাছে ডেকে নিচুস্বরে বলে দেন। কিন্তু চূড়ান্ত লড়াইয়ের আগে ‘নিরুত্তাপ’ দুটি কণ্ঠ উত্তাপ ছড়াচ্ছে খুব। সোচ্চারে ঘোষণা করছেন নিজেদের সাফল্যের কথা। যেভাবে দলকে একটি একটি স্তর পার করে এখানে নিয়ে এসেছেন, তাতে জয়ের কথা জোর দিয়ে বলতেও পারেন দেল বস্ক আর ফন মারউইক দুজনই।গত ইউরো চ্যাম্পিয়নশিপ জেতানোর পর লুইস আরাগোনেস স্পেনের দায়িত্ব ছেড়ে দেন। স্থলাভিষিক্ত হন দেল বস্ক। আরাগোনেস যে জায়গায় রেখে গিয়েছিলেন, ঠিক সেই জায়গা থেকেই শুরু করেছেন তিনি। একের পর এক ম্যাচ জিতিয়েছেন স্পেনকে। তাঁর অধীনে ৩২টি ম্যাচের মাত্র দুটিতেই হেরেছে স্পেন। একটি গত কনফেডারেশনস কাপে যুক্তরাষ্ট্রের কাছে, অন্যটি এই বিশ্বকাপেই নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে। কথা কম, কাজ বেশি—এই নীতিতে বিশ্বাসী দেল বস্ক তাঁর শিষ্যদের কাছে স্নেহশীল এক গুরু। রেলওয়ের শ্রমিক বাবার সন্তান তিনি। পরিশ্রম ব্যাপারটা মিশে আছে রক্তে। খেলোয়াড়দের দিয়ে পরিশ্রম করান। সুন্দর ফুটবলের সঙ্গে পরিশ্রম মিলে স্পেন খেলছে অনন্য ফুটবল। দুর্দান্ত পাসিং ফুটবল খেলে মাঠে যেন ফুল ফোটান দেল বস্কের শিষ্যরা। তাঁর কাজ, কাজের ধরন আর চরিত্রে মুগ্ধ স্পেনের সবাই।দেল বস্ক তবু সাজানো একটা দল পেয়েছেন হাতে, তাতে একটু ঘষামাজা করতে হয়েছে। মারউইকের কাজটা ছিল অনেক কঠিন। তিনিও দায়িত্ব নিয়েছেন গত ইউরোর পর। দুই বছর ধরে নিজের মতো করে গড়ে তুলেছেন দলটি। এরই মধ্যে অনেকে তাঁকে তুলনা করতে শুরু করেছে কিংবদন্তি কোচ ‘টোটাল ফুটবলের’ জনক রাইনাস মিশেলসের সঙ্গে। মারউইক বলেছেন, একটি জায়গায় নাকি মিশেলসের দলকেও ছাড়িয়ে গেছে তাঁর হল্যান্ড। আগের হল্যান্ড জিততে জিততে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগত এবং এটাই কাল হয়ে দাঁড়াত। আর ছিল বল হারালে তা কেড়ে নেওয়ার চেষ্টার অভাব। রোবেন-স্নাইডারদের মধ্য থেকে এ দুটো জিনিস দূর করতে পেরেছেন বলে দাবি করেছেন মারউইক।তাঁর দাবিটা যে সত্য তা তো হল্যান্ডের খেলা দেখেই বোঝা যাচ্ছে। মারউইককে আরেকটা কৃতিত্ব দিতে হবে, হল্যান্ড দলের চিরন্তন খেলোয়াড়দের মধ্যে মন কষাকষিটাও দূর করতে পেরেছেন। এই হল্যান্ড দল সব ভুলে কমলার জয়ে ঝাঁপিয়ে পড়ে। এই হল্যান্ড লক্ষ্যে অবিচল—জয়, শুধু জয় চাই। তাই তো কণ্ঠটা উঁচু না করেও দৃঢ়ভাবে মারউইক বলতে পারেন, ‘হল্যান্ডের একটি বিশ্বকাপ শিরোপার অপূর্ণতা দূর করতে পারব আমরা।’ ডাগ-আউটে শান্ত এই দুই ট্যাকটিশিয়ানের লড়াইটাও তাই ভালোই জমবে ধরে নিতেই পারেন।