নেপথ্যের দুই নায়ক
দুজনের মধ্যেই দারুণ মিল। শান্ত, ধীরস্থির, চিন্তাশীল, পোশাক-আশাকে মার্জিত। ভিসেন্তে দেল বস্ক কিংবা সিজারে প্রানদেল্লি দুজন যেন শান্তিরও প্রতিমূর্তি। আজ কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামের সাইড লাইনে যদি এই দুজনের কাছ থেকে নাটকীয় কিছু দেখার আশা করেন তবে ভুল করবেন। দেল বস্কের কাছে আজকের ফাইনালটা শুধু বিশ্ব ফুটবলে স্পেনের আরেকটি সাফল্যগাথা রচনার ম্যাচ। ২০০৮ ইউরো ও ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরাই যে বিশ্বের সেরা ফুটবল দল সেটা প্রমাণেরই আরেকটি মঞ্চ। অন্যদিকে প্রানদেল্লির কাছে এটা গত দুই বছরের চমৎকার কাজের পুরস্কার পাওয়ার ম্যাচ। ২০১০ বিশ্বকাপ থেকে ইতালির লজ্জাজনক বিদায়ের পর প্রানদেল্লির কাঁধেই বর্তায় ইতালির ফুটবলকে নতুন করে গড়ে তোলার। আর কাজটা যে বেশ ভালোভাবেই করেছেন, তার প্রমাণ তো এই ইউরোই। ৬১ বছর বয়সী দেল বস্ক গ্যালাকটিকো যুগে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন দু-দুটি চ্যাম্পিয়নস লিগ। ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবল দুটিরই শ্রেষ্ঠত্বের স্বাদ পাওয়া এই কোচের বাকি আছে শুধু ইউরো শিরোপা। ফুটবলার হিসেবে ক্যারিয়ারের বেশির ভাগ সময় রিয়াল মাদ্রিদে কাটানো দেল বস্ক খেলোয়াড় হিসেবে লা লিগা জিতেছেন পাঁচবার, স্প্যানিশ কাপ চারটি। স্পেনের হয়ে ১৮টি ম্যাচ খেললেও কখনোই ওই অর্থে তারকা ছিলেন না। অন্যদিকে জুভেন্টাসের হয়ে তিনটি সিরি ‘আ’ ও একটি ইউরোপিয়ান কাপ জিতলেও তারকা ছিলেন না ৫৪ বছর বয়সী প্রানদেল্লি। ইতালি দলে সুযোগ পাওয়া দূরে থাক, নিয়মিত ছিলেন না জুভেন্টাসেই। দায়িত্ব নিয়ে ইতালিয়ান ফুটবলের খোলনলচে পাল্টে দেওয়া প্রানদেল্লি কোচ হিসেবে কতটা কৌশলী, সেটা এই ইউরোতেই দেখেছে ফুটবল-বিশ্ব। অপরাজিত থেকে বাছাইপর্ব পেরোলেও ইউরো শুরুর আগে টানা তিনটি প্রস্তুতি ম্যাচে হার, দেশে ম্যাচ পাতানো কেলেঙ্কারি জেরবার দলটি টুর্নামেন্ট শুরুর পরই পাল্টে গেছে। ‘স্পেনকে ভয় পাওয়ার কিছু নেই’ বলে রেকর্ড তিনটি ইউরো জয় থেকে বঞ্চিত করতে আজ কী ছক কষেন প্রানদেল্লি, সেটাই দেখার বিষয়। তবে ইতালি আজ জিতুক বা হারুক, আজকের ম্যাচটিই হয়ে যেতে পারে প্রানদেল্লির শেষ ম্যাচ। ‘কোচের দায়িত্বটা খুব কঠিন হয়ে যাচ্ছে’ স্বীকার করে সে রকমই ইঙ্গিত দিয়েছেন এই ইতালিয়ান। এএফপি, ওয়েবসাইট।