নেপলসের দেয়ালে ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বমানচিত্র বলছে, শহরটা ইতালিতে, ক্লাবটা সেই ইতালির শহর নেপলসে। কিন্তু সেগুলো ভূবিজ্ঞানীদের জন্য সত্য। ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় সত্য হচ্ছে—নেপলস ডিয়েগো ম্যারাডোনার শহর, নাপোলিও ম্যারাডোনারই ক্লাব। হ্যাঁ, এখনো দক্ষিণ ইতালির এ ক্লাবটির সবচেয়ে বড় পরিচয় এটাই। ফুটবল ইতিহাসে আর কোনো খেলোয়াড় এমন প্রবলভাবে একটা ক্লাবের সমার্থক হতে পেরেছেন কি না, সেটি গবেষণার বিষয় হতে পারে। সেই ম্যারাডোনাকে সম্মান জানাতে এবার নেপলসে আঁকা হলো তাঁর নতুন একটা দেয়ালচিত্র। যে দেয়ালচিত্রটি উদ্বোধন করা হয়েছে নাপোলির প্রথম সিরি ‘আ’ জয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে।
১৯৮৪ থেকে ১৯৯১—এ সাতটি বছর নাপোলির জন্য ছিল রূপকথার মতো। ম্যারাডোনা ছিলেন সেই রূপকথার রাজা। জিতিয়েছেন দুটি লিগ শিরোপা, সঙ্গে কোপা ইতালিয়া, সুপার কোপা ইতালিয়া ও উয়েফা কাপ! আর্জেন্টাইন কিংবদন্তিকে সম্মান জানিয়ে শহরের স্প্যানিশ কোয়ার্টার এলাকায় তাঁর খেলোয়াড়ি জীবনের একটি দেয়ালচিত্র বানানো হয়েছিল অনেক আগেই। মাঝবয়সী ম্যারাডোনার নতুন এই দেয়ালচিত্রটি গড়া হয়েছে নেপলসের সান জিওভান্নি তেদুচ্চিও এলাকায়। গত মঙ্গলবার সেই দেয়ালচিত্রের সামনে দাঁড়িয়ে ম্যারাডোনাকে নাপোলির হয়ে খেলতে দেখার স্মৃতিচারণা করলেন অবসরপ্রাপ্ত নাবিক জিওসেপ্পে, ‘আমার কাছে সে-ই সর্বকালের সেরা খেলোয়াড়। এমনকি পেলের চেয়েও ভালো। ও যখন এখানে ছিল, নাপোলি অনেক কিছু জিতেছে।’
তবে যাঁকে এত ভালোবাসেন তাঁর অপছন্দের একটা দিকও আছে জিওসেপ্পের কাছে, ‘ও এখানে কর শোধ করেনি, এটার সঙ্গে আমি একমত নই। এমনকি আমাকেও তো অবসরভাতা থেকে কর দিতে হয়।’ ইয়াহু স্পোর্টস।