নেপাল কী আর বাধা!

গেট দিয়ে ঢুকলেই রাস্তার বাঁ পাশে সাজিয়ে রাখা হুড তোলা একটা নতুন রিকশা। রিকশার ভেতরে ফুল, বাইরে ফুল, মোটামুটি রিকশাসদৃশ একটা ফুলদানিই বলতে পারেন। ফুলের বাগান আছে সামনের খোলা চত্বরেও। দেয়ালের পাশ ঘেঁষে সারিবদ্ধ রঙিন পতাকা পতপত করে জানান দিচ্ছে, আপনি আসলে এক উৎসব-মঞ্চেই চলে এসেছেন। আর যদি আপনার এই আগমন ঘটে সন্ধ্যার পর, চোখ ধাঁধিয়ে দেবে রকমারি আলোকসজ্জা। তবে বুঝতে একটুও অসুবিধা হবে না যে, পুরো ব্যাপারটার মধ্যেই আছে ক্রিকেট। আলোর ঝলকানি যে বেরোচ্ছে ক্রিকেটের ব্যাট, বল আর স্টাম্প থেকেও!
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এমন বর্ণিল সাজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের। নেপালের বিপক্ষে মুশফিকুর রহিমের দলের কাঙ্ক্ষিত জয় আজ রাতে এই স্টেডিয়ামকে রাঙিয়ে দিতে পারে আরও বেশি করে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর এই জয় যে সুপার টেনে খেলা একরকম নিশ্চিতই করে দেবে বাংলাদেশের!
নেপালের বিপক্ষে ম্যাচ নিয়ে এমনিতে দুশ্চিন্তার কিছু নেই। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আর টি-টোয়েন্টি ক্রিকেটে সেই অনিশ্চয়তা একটু বেশিই। এখানে ছোট দল-বড় দলের ব্যবধান ঘুচে যেতে পারে এক-দুই ওভারেই। নেপালের বিপক্ষে ম্যাচে তাই মৃদু হলেও থাকছে পচা শামুকে পা কাটার শঙ্কা। তার ওপর এই নেপাল আগের ম্যাচেই হংকংয়ের বিপক্ষে পেয়েছে দুর্দান্ত এক জয়। বাংলাদেশ দলের জন্য তাই অধিনায়ক মুশফিকুর রহিমের সতর্কবার্তা, ‘টি-টোয়েন্টিতে যেকোনো দলই বিপজ্জনক। এখানে ছোট বা বড় দল বলে কিছু নেই। জয়ের জন্য যা যা করা দরকার, সবই আমরা করব। চেষ্টা করব ছন্দটা যেন ধরে রাখা যায়।’
দুটি প্রস্তুতি ম্যাচ ও আফগানিস্তান ম্যাচসহ টানা তিন ম্যাচে জয় আছে বাংলাদেশের। মুশফিক এই ধারাবাহিকতা ধরেই এগিয়ে যেতে চান টুর্নামেন্টের বাকিটা পথ। তবে নেপালের বিপক্ষে ছোট হলেও একটা সমস্যা হলো, দলটার সম্পর্কে খুব ভালো ধারণা না থাকা। বাংলাদেশ দল অবশ্য বাছাই পর্বের কিছু খেলার ভিডিও ফুটেজ সংগ্রহ করে ন্যূনতম ধারণাটুকু নেওয়ার চেষ্টা করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘নবীন’ সদস্য নেপালকে বোঝার জন্য মুশফিক সেটাকেই মনে করছেন যথেষ্ট।
তবে নেপাল দল শুধু নয়, আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটটাও বুঝি খুব ভালোভাবে পড়ে নেওয়া জরুরি বাংলাদেশ দলের জন্য। উইকেটে হালকা ঘাস আছে, সে জন্য বল পড়ে পিছলে (স্কিড) যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। ম্যাচটা সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে বলে শিশির পড়ার সম্ভাবনাও থাকছে। তার মানে বোলাররা উইকেটের ওই সুবিধাটা পাবেই।
ভাবুন একবার, এ রকম একটা উইকেটে মাশরাফি বিন মুর্তজার না খেলা কতটা দুর্ভাগ্যজনক হতো! শুধু ভাবার জন্য ভাবতে বলা হচ্ছে না, কাল সে রকম শঙ্কাই জেগেছিল একবার। বাঁ-দিকে তো আগের ব্যথাটা আছেই, পরশুর ম্যাচে ডাইভ দিয়ে পেটের ডান পাশেও ব্যথা পেয়েছিলেন মাশরাফি। ব্যথার জন্য কাল অনুশীলনে বোলিংও করেননি। রাতে স্থানীয় এক ক্লিনিকে এক্স-রে করানোর পর চোট পাওয়া জায়গাটায় সূক্ষ্ম ফাটলের অস্তিত্ব অনুমান করছিলেন ডাক্তাররা। পরে আরও নিশ্চিত হওয়ার জন্য সিটি স্ক্যান করানো হয়। তাতে মারাত্মক কিছু ধরা না পড়ায় রাতেই স্বস্তি ফিরে এসেছে টিম ম্যানেজমেন্টে। নতুন করে কোনো সমস্যা না হলে আজকের ম্যাচের জন্য মাশরাফিকে ফিটই বলা যায়। আর মাশরাফি খেললে আজও গত ম্যাচের দলটাই খেলানোর সম্ভাবনা বেশি।
পূর্ণ শক্তির দলের সঙ্গে নিজেদের মাঠ, নিজেদের দর্শক—সবই বাংলাদেশের পক্ষে। নেপাল অধিনায়ক পরশ খড়কাও মেনে নিচ্ছেন, এই ম্যাচে বাংলাদেশ পরিষ্কার ফেবারিট। বাংলাদেশের কাছে যেমন একসময় ইমরান খান, ভিভ রিচার্ডসরা ছিলেন দূর আকাশের তারা, নেপালের খেলোয়াড়দের কাছে সাকিব-মাশরাফিদের মর্যাদাও অনেকটা সে রকম। আজ সত্যি সত্যি টেলিভিশনে দেখা সেই ‘ক্রিকেট মানব’দের মুখোমুখি হবেন—এটা ভেবেই নাকি রোমাঞ্চিত নেপালের ক্রিকেটাররা।
সাকিব-তামিমদের জন্য নেপালের সঙ্গে বাংলাদেশের আসল পার্থক্য তুলে ধরার দায়িত্বটা বুঝি আরও একটু বাড়িয়েই দিলেন খড়কা।