নেপাল ক্রিকেটে বিদ্রোহ
ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে ঘরোয়া ক্রিকেট লিগ বর্জন করতে চলেছেন নেপালের ক্রিকেটাররা। কাল কাঠমান্ডুতে এক সংবাদ সম্মেলনে সতীর্থদের পাশে নিয়ে বয়কটের ঘোষণা দেন নেপাল অধিনায়ক পরশ খাড়কা, ‘এর জন্য আমাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেটাও মেনে নিতে প্রস্তুত আমরা।’
নেপালি সংবাদমাধ্যমের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের সমর্থকদের মন জয় করা পারফরম্যান্সের পর ক্রিকেটারদের বিভিন্ন সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো লক্ষণ না দেখে ঘরোয়া লিগ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। এ ছাড়া ক্রিকেটারদের অসন্তোষের কারণ বিশ্বকাপের বাছাইয়ের সময় চোট পাওয়া ব্যাটসম্যান পৃথু বাসকোটা। বোর্ড তখন আশ্বাস দিয়েছিল, তাঁর চিকিৎসার ভার নেবে। সেটি আশ্বাসই থেকে গেছে! সিএএন সচিব আশোক নাথ পিয়াকুরাইয়াল বলেছেন, ইতিমধ্যে বোর্ড বাসকোটার চিকিৎসার উদ্যোগ নিয়েছে। হয়তো খেলোয়াড়েরা সেটা জানে না। এ ছাড়া ঘরোয়া লিগের কিছু ম্যাচ কাঠমান্ডু থেকে পোখরায় সরিয়ে নিয়ে যাওয়াতেও অসন্তুষ্ট ক্রিকেটাররা। ওয়েবসাইট।