নেপাল যাত্রা পিছিয়ে গেল জাতীয় ফুটবল দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন ঘটনা আগে কখনো ঘটেছে কি না সন্দেহ। জাতীয় দল বিদেশ সফরে যাবে, বিমানবন্দরে পৌঁছে দেখল তাদের যে বিমানে যাওয়ার কথা, তা বাতিল করা হয়েছে। প্রচণ্ড বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে জাতীয় দলকে ফিরতে হলো বিমানবন্দর থেকে। অতীতে আর কখনো এমন ঘটনা ঘটেছে কি না, মনে করতে পারছেন না কেউই।প্রীতি ম্যাচে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেপাল যাওয়ার দিন ছিল আজ শনিবার। এ লক্ষ্যে বিমানবন্দরে পৌঁছেও গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু পরে দেখা গেল, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমান-সংকটের কারণে আজকের কাঠমান্ডুগামী ফ্লাইট বাতিল করা হয়েছে। বাংলাদেশ দলকে যেতে হবে আগামীকাল।জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার বিমানবহরে সংকট আছে—এ কথা জানেন সবাই, কিন্তু তাই বলে দেশের কোনো জাতীয় দলের বিদেশ সফর পিছিয়ে গেছে—এমন ঘটনা অতীতে কোনো দিন ঘটেনি বলে জানিয়েছেন ফুটবল-সংশ্লিষ্টরা।জাতীয় ফুটবল দলের কোচ সাইফুল বারী নিজেও মনে করতে পারলেন না এমন ঘটনার মুখোমুখি তিনি অতীতে হয়েছেন কি না। তিনি বলেন, ‘২০০৬ সালে একবার মোহামেডান দলকে ব্যাংকক থেকে দেশে ফেরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে এক দিন দেরিতে ফিরতে হয়েছিল। সেবার আমি মোহামেডানের কোচ ছিলাম। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট স্থগিত আর বিমান-সংকটের কারণে যাত্রা পিছিয়ে যাওয়া—দুটি অবশ্যই ভিন্ন ঘটনা।’সাইফুল বারী বলেন, ‘নেপালে আমাদের এক দিন আগে যাওয়াটা জরুরি ছিল। ওখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটা বিষয় ছিল। কিন্তু এ পরিস্থিতিতে পুরো ব্যাপারটি মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিই-বা করার আছে!’