নেপালকে উড়িয়ে দিলেন বাংলাদেশের মেয়েরা
নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। চীনের গুয়াংজুতে অনুষ্ঠানরত মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ শুক্রবার নেপালকে ৯ উইকেটে হারিয়েছেন সালমা-শারমিন-লতারা।টসে জিতে নেপালকে ব্যাট করতে পাঠান অধিনায়ক সালমা খাতুন। ব্যাট হাতে মাঠে নেমে সুখকর অভিজ্ঞতা হয়নি নেপালিদের। মাত্র ৪৫ রানেই অলআউট হয়ে যান তাঁরা। জবাবে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে মাত্র ১০.৩ ওভারেই নেপালের সংগ্রহকে টপকে যায় বাংলাদেশ। শারমিন আকতারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২১ রান। লতা মণ্ডল করেন ১৪ রান।এর আগে দুর্দান্ত বোলিংয়ে নেপালকে দাঁড়াতেই দেননি বাংলাদেশের মেয়েরা। পেসার রুমানা আহমেদ দখল করেন ২ উইকেট। এ ছাড়া জাহানারা আলম, পান্না ঘোষ, লতা মণ্ডল, তাজিয়া আখতার ও সালমা খাতুন প্রত্যেকেই একটি করে উইকেট দখল করেন।এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে চীনকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। রোববার শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন মেয়েরা।