নেপালকে সামনে পেয়েও কণ্ঠে জোর থাকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ জনের দল থেকে পাঁচজন বাদ। বাকি ২৩ জন খেলোয়াড় নিয়ে আগামীকাল নেপাল যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। এক বছর পর চোট কাটিয়ে ফেরা স্ট্রাইকার এনামুল জায়গা পাননি চূড়ান্ত দলে। এ ছাড়া সবুজ, মানিক, হিমেল ও জিতু বাদ পড়েছেন। দলে ঢুকছেন চার তরুণ—গোলরক্ষক মোস্তাক, ডিফেন্ডার রায়হান, মিডফিল্ডার সোহেল রানা ও ফরোয়ার্ড আনোয়ার। নেপাল জাতীয় দলের সঙ্গে প্রথম প্রীতি ম্যাচটি ১৮ সেপ্টেম্বর। দ্বিতীয়টি নির্ধারিত ছিল ২০ সেপ্টেম্বর, কিন্তু দল যেহেতু ২২ সেপ্টেম্বর ফিরবে তাই ম্যাচটি ২১ তারিখ খেলতে চায় বাংলাদেশ। ম্যাচ দুটি ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মর্যাদা পাবে কি না, তা এখনো ঠিক হয়নি। নেপালগামী দলের কোচ সাইফুল বারী, অধিনায়ক মোহাম্মদ সুজন কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেছেন। তবে তাঁদের কথাবার্তায় যেন আত্মবিশ্বাসের অভাব ছিল। দল তৈরি নয়। ফিটনেসে ঘাটতি। তাই মনে হয়েছে ড্র হলেও তাঁরা খুশি। কোচ তো বলেই দিয়েছেন, ‘ড্র-টা জয়ের চেয়ে খারাপ হবে না।’গত ডিসেম্বরে দিল্লি সাফ ফুটবলে ১৫ বছর পর নেপালের কাছে বাংলাদেশ হারে ১-০ গোলে। সম্প্রতি এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলে নেপালের কাছে নেপালের মাটিতে বাংলাদেশ ৪-০ গোলে হেরেছে। কদিন আগে দিল্লির নেহরু কাপে চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে নেপাল গোলশূন্য ড্র করেছিল। নেপালের এই উন্নতিই বাংলাদেশের জন্য দুশ্চিন্তা। তবে কোচ সাইফুল বারী ‘নেপালের স্কোরিং দুর্বলতা’ কাজে লাগাতে চান। যদিও বাংলাদেশ দলেও গোল করার লোকের অভাব। এটা মনে করিয়ে দিলে কোচ বললেন, ‘সেই হিসাব করলে ম্যাচের ফল শূন্য-শূন্যই হয়।’ তাঁর কথা, ‘নেপালের মাঝমাঠ এবং রক্ষণসামর্থ্য বেশ ভালো। আমরা ভালো ডিফেন্স করতে পারলে ভালো হবে। আমরা সতর্ক হয়ে খেলব। লক্ষ্য থাকবে, দ্রুত গোল যেন না খাই। ওদের সঙ্গে আমাদের লড়াইটা মাঝমাঠেই হবে মনে হচ্ছে। আমরা একদম হতাশ করব না।’ দল গঠনে অভিজ্ঞতার ওপরই বেশি জোর দিয়েছেন কোচ। তবে এনামুলের ব্যাপারে বললেন, ‘এখনই সে এমন ম্যাচ খেলার জন্য ফিট নয়।’ ওদিকে অধিনায়ক সুজন বলছেন, ‘...আমরা রোজা ছিলাম এক মাস। তাই আমাদের ফিটনেসটা পুরোপুরি আসেনি।’ বাস্তবতা হলো, বাংলাদেশের ফুটবলাররা নিজেকে ফিট রাখেন না। সে জন্যই নেপালের বিপক্ষে খেলতে গিয়েও কণ্ঠে জোর থাকে না!