নেপালকে ২-০ গোলে হারাল বাংলাদেশ
এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে দুর্ভাগ্যজনক হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। কানায় কানায় পূর্ণ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ বাংলাদেশ স্বাগতিক নেপালকে হারিয়েছে ২-০ গোলে। ম্যাচের ২৭ ও ৫৭ মিনিটে দুটি গোল করে দশরথ স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন সাখাওয়াত রনি।সাখাওয়াত রনির প্রথম গোলটি ছিল পেনাল্টি থেকে। একটি সংঘবদ্ধ আক্রমণে ডান প্রান্ত থেকে বাড়ানো একটি ক্রস ঠেকাতে গিয়ে বক্সের ভেতর ফাউল করে বসেন বিরাজ মহারজন। রেফারি পেনাল্টি দিলে তা থেকে ঠান্ডা মাথায় গোল করেন সাখাওয়াত রনি।দ্বিতীয়ার্ধের শুরুর দিকে অবশ্য নেপাল বাংলাদেশের ওপর চড়াও হয়ে বেশ কটি কর্নার আদায় করে নেয়। বাংলাদেশ দলের রক্ষণভাগের দৃঢ়তা নেপালকে সফলকাম হতে দেয়নি। ৫৭ মিনিটে খেলার ধারার বিপরীতে দারুণ এক প্রতি-আক্রমণ থেকে নেপালি দলকে হতবাক করে দিয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন সাখাওয়াত রনি। দুই গোলে পিছিয়ে পড়া নেপাল ম্যাচের বাকি সময়টায় বাংলাদেশের জন্য খুব একটা কঠিন প্রতিপক্ষ হয়ে দেখা দেয়নি। তবে ৮২ মিনিটে রানার লাল কার্ড দেখাটা এই ম্যাচে বাংলাদেশের জন্য একটু ‘খচখচানি’ রেখেই যাবে।ডাচ কোচ লুডউইক ডি ক্রুইফের কোচিংয়ে বাংলাদেশের প্রথম জয়ের দিনে অবশ্য মাঝেমধ্যে ডাচ ফুটবলেরও দেখা মিলেছে। সব মিলিয়ে ম্যাচের আগে বাংলাদেশকে হারানোর স্বপ্নে বিভোর নেপাল বড় একটা শিক্ষাই পেয়ে গেছে আজ বাংলাদেশের কাছে। এখন যা-ই হোক, ফুটবলে সব সময়ই নেপালের ওপর আধিপত্য করে এসেছে বাংলাদেশ। আজ সেটাই আবার দশরথ স্টেডিয়ামে নতুন করে বুঝল নেপাল।আজকের এই জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশ। বাংলাদেশ আগামী পরশু মুখোমুখি হবে নবাগত মারিয়ানা আইল্যান্ডের সঙ্গে। মারিয়ানা আইল্যান্ড নিজেদের প্রথম দুটি ম্যাচে নেপালের কাছে ৬-০ ও ফিলিস্তিনের কাছে ৯-০ গোলে হার মেনেছে। নেপাল পরের ম্যাচে খেলবে ফিলিস্তিনের সঙ্গে। বাংলাদেশ যদি শেষ ম্যাচে মারিয়ানা আইল্যান্ডকে হারায়, সে ক্ষেত্রে ফিলিস্তিনের বিপক্ষে অবশ্যই জিততে হবে নেপালকে। আর সেই জয়টা পেতে হবে বড় ব্যবধানে।