নেপালকে ৭৯ লাখ ডলার দান করলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেভ দ্য চিলড্রেনের হয়ে বহু দিন ধরেই কাজ করছেন রোনালদো। ফাইল ছবি
সেভ দ্য চিলড্রেনের হয়ে বহু দিন ধরেই কাজ করছেন রোনালদো। ফাইল ছবি

মাঠের ক্রিস্টিয়ানো রোনালদোকে তো চেনেন। ইস্পাত-কঠিন দৃঢ় তাঁর চাহনি, দুর্বার তাঁর আক্রমণ। যেই আক্রমণে চুরমার করে দেন প্রতিপক্ষের রক্ষণভাগ। ক্ষিপ্রতার সঙ্গে করেন একের পর এক গোল। মাঝেমধ্যে মাঠের বাইরেও ভুল খবরের কারণে শিরোনাম হন। কিন্তু রোনালদো প্রায়ই একটা কথা বলেন, সবাই তাঁর ভেতরের মানুষটাকে কখনো ঠিকমতো চিনতে চাইল না। যে মানুষটার মন ভীষণ নরম, ভীষণ আর্দ্র।
বরাবরই মানুষের দুর্দশায় এগিয়ে আসা রোনালদোর কানে পৌঁছে গেছে নেপালের ভয়াবহ ভূমিকম্পের খবর। নেপালের দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন রিয়াল মাদ্রিদ তারকা। দান করেছেন ৭৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৩ কোটি টাকার সমান।
গত ২৫ এপ্রিলের প্রলয়ংকরী ভূমিকম্পে নেপালে এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর এসেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ ঘর-বাড়ি। সহায়-সম্বলহীন হয়ে নিদারুণ সংকটে দিন কাটাচ্ছে অজস্র মানুষ। ঘটনাটি এমনিতেও নাড়া দিয়ে গেছে বিশ্বের কোটি মানুষের মনে। সারা পৃথিবী থেকেই ক্ষতিগ্রস্ত নেপালের পাশে এসে দাঁড়াচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। রোনালদোও এগিয়ে এলেন। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর মাধ্যমে এই অর্থ সহায়তা করছেন বলে জানা গেছে।
রোনালদোর মহানুভবতা অবশ্য এটাই নতুন নয়। কেবল নিয়মিত রক্তদান করেন বলে কখনোই উল্কি আঁকান না। তাতে রক্তদানে অসুবিধা হয়। অথচ ট্যাটু আঁকানো ফুটবলারদের কাছে নেশার মতো। এখান থেকেও অন্য এক রোনালদোর খোঁজ ​মেলে। ২০০৪-এর সুনামির পরেও দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছিলেন তিনি। ভক্তদেরও অনুরোধ করেছিলেন সামর্থ্য মতো সহায়তা করতে। সুনামির ঝড়ে আক্রান্ত এক ছোট্ট শিশুর গায়ে তাঁর সাত নম্বর জার্সি পরা ছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর রোনালদো এগিয়ে আসেন। সূত্র: মেইল অনলাইন