নেপালি টুর্নামেন্টের সেমিতে শেখ জামাল
নেপালের সাফাল পোখারা গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সরাসরি সুযোগ পাওয়া বাংলাদেশ লিগের চ্যাম্পিয়ন দলটি কাল টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়েছে স্থানীয় রানি পোখারি কর্নার দলকে। নির্ধারিত সময়ে পেনাল্টি থেকে গোল করতে পারেননি শেখ জামালের ফেমি। নির্ধারিত সময়ে গোলশূন্য থেকে যাওয়া ম্যাচ অতিরিক্ত ২০ মিনিটেও কোনো গোল দেখেনি। টাইব্রেকারে গোল করেছেন শেখ জামালের ইয়োকা, কোমল ও কান্তে; যদিও এই পর্বে দুটি স্পট কিক রুখে জয়ের নায়ক অধিনায়ক আমিনুলই। নেপাল থেকে কাল আমিনুল টেলিফোনে জানিয়েছেন, ‘বেশ কিছু সুযোগ হাতছাড়া না হলে নির্ধারিত সময়েই জিততে পারত শেখ জামাল।’ ১৭ নভেম্বর সেমিফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ আজকের ইউনাইটেড সিকিম-পোখারা ম্যাচের জয়ী দল। শেখ জামালের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেছে হিমালয়া শেরপা ক্লাব ও নেপাল আর্মি। টুর্নামেন্টের ফাইনাল ১৯ নভেম্বর।