নেপালে ড্র করল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে বরদুলই ট্রফিতে থ্রি স্টার ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছিল আবাহনী। কিন্তু সেই দল যে অনেকটাই বদলে গেছে, পরশু কিছুটা আভাস দিয়েছিলেন ম্যানেজার সত্যজিত দাস রুপু। কাল মাঠেও সেটা প্রমাণ করেছে নেপালের ক্লাবটি। এএফসি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বে আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছে স্বাগতিক দলটি।ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকা থ্রি স্টার ১৫ মিনিটেই গোল করে বসে। আউডু ইব্রাহিম ফাউল করেন থ্রি স্টারের ডোডোজকে। প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল করেন জগজিৎ শ্রেষ্ঠা (১-০)। গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল আবাহনীর। দারুণ একটা সুযোগ পেয়েও গিয়েছিলেন তৌহিদুল। কিন্তু গোলরক্ষক কিরণ সে যাত্রায় বাঁচিয়ে দেন থ্রি স্টারকে। তবে ৩৮ মিনিটে তৌহিদই সমতায় ফেরান আবাহনীকে (১-১)। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক খেলেছে থ্রি স্টার। জয় নিয়েই দশরথ স্টেডিয়াম ছাড়তে পারত তারা। তবে সৌভাগ্যই বলতে হবে আবাহনীর। ৬৯ মিনিটে পেনাল্টি পেয়েও যে কাজে লাগাতে পারেননি জগজিৎ! পেনাল্টি কিকটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আবাহনীর গোলরক্ষক সোহেল। বাকি সময়ে দুই দলই বহু চেষ্টা করেও আর গোল করতে পারেনি। গ্রুপের অন্য ম্যাচে আর্চিম ক্লাব গোলশূন্য ড্র করেছে তাইওয়ানের পাওয়ার কোম্পানির সঙ্গে। আগামীকাল একই ভেন্যুতে আবাহনীর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ এই পাওয়ার কোম্পানি।