নেপালে নৌবাহিনী বাস্কেটবলের সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বাইরে প্রথমবারের মতো বড় একটা সাফল্য পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী বাস্কেটবল দল। নেপালের কাঠমান্ডুতে বিএমকে (বিশাল মিলনকেন্দ্র) আন্তর্জাতিক প্রীতি বাস্কেটবল টুর্নামেন্টে কাল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের সার্ভিসেস সংস্থাটি।
এই টুর্নামেন্টে নৌবাহিনী ছাড়াও অংশ নিয়েছে নেপালের চারটি দল—নেপাল সেনাবাহিনী, সাউথ ফিডারস, ইনোভেটিভ ও বিএমকে ক্লাব। খেলা হয়েছে ডাবল লিগ ভিত্তিতে। বাংলাদেশ আট ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে। শিরোপা এসেছে লিগের শেষ ম্যাচে নেপাল সেনাবাহিনী দলকে ৭৫-৬৭ পয়েন্টে হারিয়ে। নেপাল সেনাবাহিনীর এই দলটিতে রয়েছে জাতীয় দলের সাত খেলোয়াড়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মিথুন বিশ্বাস।