নেপালে ফুটবল ম্যাচ হতে দিল না বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরে ভারী বর্ষণ হচ্ছে নেপালে। বাংলাদেশের সঙ্গে নেপালের কাল নির্ধারিত প্রথম প্রীতি ফুটবল ম্যাচটিকে নিয়ে তাই সংশয় থেকেই গিয়েছিল। সেটাই সত্যি হলো, বৃষ্টিই প্রথম প্রীতি ম্যাচটি পণ্ড করে দিল। নেপাল থেকে এখন হয়তো একটা ম্যাচ খেলেই ফিরতে হবে বাংলাদেশকে। আগামীকাল সেটি হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে।তবে দুটি ম্যাচ খেলে আসারই চেষ্টা চালাচ্ছেন ফেডারেশনের কর্মকর্তারা। কাল নেপাল থেকে টেলিফোনে দলের ম্যানেজার সত্যজিত দাস (রুপু) জানালেন, ‘গত কয়েক দিন এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। মাঠ একেবারে খেলার অনুপযোগী। তা ছাড়া নেপালে ফেডারেশন কাপ চলছে এই মুহূর্তে। অন্য মাঠেও খেলা সম্ভব নয়। তবে বাতিল হওয়া ম্যাচটি যাতে হতে পারে, সে ব্যাপারে আমরা স্থানীয় আয়োজকদের অনুরোধ করেছি। জানি না কী হবে।’ আশার কথা, অন্য দিনের তুলনায় কাল বৃষ্টি হয়েছে অনেক কম। শুধু দুপুরে এক পশলা বৃষ্টি হয়েছে। খেলা না থাকলেও ফুটবলাররা অনুশীলন করছেন পুরোদমে। দুই ভাগে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলিয়েছেন কোচ সাইফুল বারী (টিটো)। খেলা দেখতে এরই মধ্যে নেপালে গেছেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ।