নেপালে বিধ্বস্ত বাংলাদেশ
নেপালের কোচ কৃষ্ণ থাপা ম্যাচের আগেই ঘোষণা দিয়েছিলেন, ‘বাংলাদেশের বিপক্ষে নেপাল পরিষ্কার ফেভারিট। বাংলাদেশের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখা একেবারেই কল্পনাবিলাস নয়।’ থাপার ঘোষণাটা মিথ্যা হয়নি।এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলের বাছাইপর্বে আজ শনিবার রাতে বাংলাদেশকে শুধু হারানো নয়, রীতিমতো বিধ্বস্ত করে ছেড়েছে স্বাগতিক নেপাল। বাংলাদেশ হেরেছে ৪-১ গোলে। ম্যাচের ফল দেখে মনে হচ্ছে, নেপালের কাছে কোণঠাসা বাংলাদেশ একটি গোল শোধ করেছে। তবে আসলে তা নয়। বাংলাদেশি কোনো ফুটবলারই নেপালের জালে বল জড়াতে পারেননি। বাংলাদেশের নামের পাশে যে গোলটি লেখা আছে সেটি নেপালি খেলোয়াড় দীপক ভুশালের করা আত্তঘাতী গোল!খেলার মাত্র পাঁচ মিনিটে হেড থেকে গোল করে নেপালকে এগিয়ে দেন অধিনায়ক ভারাত খাওয়াজ। ৪৮ মিনিটে দীপকের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে গুনে গুনে আরও তিনটি গোল করে বাংলাদেশকে জর্জরিত করেন নেপালের জগজিত্ শ্রেষ্ঠা ও সুজল শ্রেষ্ঠা। সুজল দুটি গোল করেন।নেপালের বিপক্ষে দু-একটি ব্যতিক্রম বাদ দিলে বাংলাদেশের যেকোনো দলেরই জয়ের রেকর্ড ভালো। তবে আজ নেপালের আত্মবিশ্বাসের মূলে ছিল বাংলাদেশের সঙ্গে সর্বশেষ লড়াইয়ের ফল। গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ১-০ গোলে হারিয়েছিল নেপাল। আজ এএফসি অনূর্ধ্ব-২২ প্রতিযোগিতায় নেপালের যে দলটা খেলল, এর বেশির ভাগ খেলোয়াড়ই ওই ম্যাচে খেলেছিলেন।বাংলাদেশের কোচ সৈয়দ গোলাম জিলানী ম্যাচের আগে বলেছিলেন, ‘মাঠে সর্বোচ্চটা দিয়েই তাঁর দল ভালো করার চেষ্টা করবে। দলের প্রত্যেক খেলোয়াড়ই ফিট রয়েছে এবং মাঠে নেমে তারা সর্বোচ্চটা দিতেই সর্বাত্মক চেষ্টা করবে।’ হ্যাঁ, খেলোয়াড়েরা হয়তো সর্বোচ্চ চেষ্টাটাই করেছেন। কিন্তু নেপালের মতো দলের বিপক্ষে এমন বাজে হার কেন? প্রশ্নটা ওঠাই স্বাভাবিক।