নেপালের কাছে এমন হার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের সেমিফাইনালে কাল বাংলাদেশকে ৫-১ গোলে হারিয়েছে নেপাল।টুর্নামেন্টের জন্য মাত্র এক মাসের অনুশীলন, কোনো প্রস্তুতি ম্যাচ নেই। শুধু যাওয়ার আগে একটা দায়সারা অনুশীলন ম্যাচ। নেপালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের ফল যেমন হওয়ার কথা সে রকমই হয়েছে। একেবারে শেষ মুহূর্তে এই দলটিকে রেনে কোস্টারের হাতে তুলে দেওয়া হয়। দলটাকে ঠিকঠাক বাছাই করা হয়েছে কি না, তা নিয়ে পরোক্ষে প্রশ্ন তুলে ডাচ কোচ তাঁর অসন্তোষ জানিয়েছিলেন নেপালে পৌঁছেই। এখন তো মনে হচ্ছে প্রস্তুতি-স্বল্পতার পাশাপাশি দলটির সামর্থ্যই প্রশ্নবিদ্ধ।সত্যিকার অর্থে নেপাল যুবদল বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে। ৮ মিনিটে প্রথম গোল হজম। গোলবন্যার শুরুটা করে সুজন লিম্বু। ২০ মিনিটে বিমল ঘারতি ও ২৩ মিনিটে অঞ্জন বিসতার গোলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা শেষ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা করে উল্টো ৫৬ মিনিটে আরেকটি গোল হজম, এবারের গোলদাতা বিকাশ থাপা। ৫৯ মিনিটে সুজন স্কোরলাইন করেন ৫-০। ৬৫ মিনিটে বাংলাদেশের সান্ত্বনাসূচক গোলটি করেছে তুষার।আজ অন্য সেমিফাইনালে ভারত খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আর ৩০ জুলাই স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ খেলবে ভারত-আফগানিস্তানের ম্যাচের পরাজিত দলের সঙ্গে।