নেপালের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। এই নেপালের কাছেই গত সাফের স্থান নির্ধারণী ম্যাচে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবারের নেপাল দলটি আরও শক্তিশালী। টুর্নামেন্টের গ্রুপপর্বের তাদের ফলই তা বলে দেয়।

গ্রুপপর্বে নেপাল ভুটানকে হারিয়েছে ৭-০ গোলে। সাফের বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়েছে ৩-০ গোলে। আর টুর্নামেন্টের অন্য সেমিফাইনালিস্ট আফগানিস্তানের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। উল্টো দিকে বাংলাদেশ গ্রুপ পর্বে শুধু শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে। মাত্র এক মাসের অনুশীলন। নেপালে যাওয়ার পর কোচ রেনে কোস্টার দলটা নিয়ে তাঁর অসন্তোষ জানিয়েছিলেন প্রথম প্রথম। পরিস্থিতি বদলেছে, এখন এই দল নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন ডাচ কোচ। নেপালের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘টুর্নামেন্টে ভারত, নেপাল, আফগানিস্তানের মতো দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। তবে আমাদের ছেলেরাও ভালো খেলছে। সবাই আত্মবিশ্বাসী। নেপাল হয়তো স্বাগতিক হিসেবে বাড়তি সুবিধা পাবে। এসব নিয়ে ভাবছি না। ছেলেরা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আশা করি ওদের হারানো যাবে।’ নেপালের কোচ বালগোপাল মহার্জনের লক্ষ্য ফাইনালে খেলা, যদিও বাংলাদেশকে সমীহও করছেন, ‘টুর্নামেন্টে কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই। তা ছাড়া বাংলাদেশ গতবারের সেমিফাইনালিস্ট। ওদের বিপক্ষে জিতেই ফাইনালে যেতে চাই।’