নেপালের বিশাল জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে একে সব আলো জ্বলে উঠেছে। স্টেডিয়ামমুখী সড়ক ও মাঠ ঘিরে আলোর ঝলকানি। দৃষ্টিনন্দন কিছু স্থাপনাও নজর কাড়ছে। লাল-নীল এসব আলোর খেলা দেখার জন্য ফটকের বাইরে উৎসাহী মানুষের অভাব নেই। স্টেডিয়ামের ভেতরে ছিল কিছু দর্শক। তার মধ্যে নেপালি দর্শকই বেশি চোখে গড়ল, যারা চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। ওই নেপালিদের উচ্ছ্বাসে ভাসিয়ে ম্যাচটা নেপাল জিতেছে ৮০ রানের বিশাল ব্যবধানে।
চট্টগ্রামে দুটি প্রস্তুতি ম্যাচে জিতেছিল হংকং। তবে কাল আসল মঞ্চে হংকং দাঁড়াতেই পারেনি নেপালের সামনে। টসজয়ী নেপাল প্রথমে ব্যাট করেছে, জ্ঞানেন্দ্র মাল্লা ও পরশ খাড়কার ৮০ রানের তৃতীয় উইকেট জুটির সুবাদে তারা তোলে ৮ উইকেটে ১৪৯। খাড়কা দুবার জীবন পেয়ে ৪১ (৩৭ বল) রানে নাজিবের বলে সাজঘরে ফেরেন। হাসিবের বলে ফিরতি ক্যাচ দেওয়ার আগে জ্ঞানেন্দ্রর রান ৪৮ (৪১ বল) রান।
ব্যাটে ঝড় তোলার পর বল হাতেও ঝলক দেখালেন নেপাল অধিনায়ক খাড়কা। প্রথম বলে তুলে নেন ওপেনার ইরফান আহমেদকে। তবে হংকং ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন দুই বাঁহাতি স্পিনার শক্তি গৌচান ও বসন্ত রেগমি। দুজনই নিয়েছেন তিনটি করে উইকেট। সর্বোচ্চ ২০ রান বাবর হায়াতের। হংকং গুটিয়ে যায় ৬৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর: নেপাল: ২০ ওভারে ১৪৯/৮ (মাল্লা ৪৮, খাড়কা ৪১, খাকুরেল ২২; হাসিব ৩/২৫, নাদিম ২/২৬, নাজিব ১/২৯।) হংকং: ১৭ ওভারে ৬৯ (বাবর ২০, ওয়াকাস ১৮, চ্যাপম্যান ১৩; গৌচান ৩/৯, রেগমি ৩/১৪, কামি ২/১৩, খাড়কা ১/৭, মুখিয়া ১/১২।)
ফল: নেপাল ৮০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শক্তি গৌচান।