নেপিয়ারের ব্যর্থতা-মোচন মিরপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাশিত সোনা জিততে সবার আগে প্রয়োজন ছিল ফাইনালে ওঠা, আর এসএ গেমস টি-টোয়েন্টির ফাইনালে উঠতে হলে এই ম্যাচে জয় ছাড়া উপায় ছিল না বাংলাদেশের। কাল পাকিস্তানকে ৫২ রানে হারিয়ে সবার ওপরে থেকেই ফাইনালে উঠেছে স্বাগতিক দল। নিউজিল্যান্ডের নেপিয়ারে বড়দের ব্যর্থতার দিনে ঢাকার মিরপুরে ছোটরা হেসেছে সাফল্যের হাসি। লিগ পর্যায়ে ৪টি করে ম্যাচ শেষে বাংলাদেশের মতো শ্রীলঙ্কা ও পাকিস্তানের পয়েন্ট ৬। কিন্তু নেট রানরেটে পাকিস্তানকে (+১.৪৯) পেছনে ফেলেছে বাংলাদেশ (+৩.৩৪) ও শ্রীলঙ্কা (+২.৭৭)।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম ৩ ওভারের মধ্যেই হারিয়ে ফেলেছিল দুই ওপেনারকে। ষষ্ঠ ওভারে দলীয় ৪৩ রানে ফিরে যান চার নম্বরে নামা আসিফ আহমেদও (৭)। নাসির হোসেনকে নিয়ে চতুর্থ উইকেটে ৩৭ রানের জুটি গড়েন অধিনায়ক মো. মিঠুন। ৩২ রান করে মিঠুন যখন আউট হয়ে যান, দলের রান ১২ ওভারে ৮০। সেখান থেকে ২০ ওভারে বাংলাদেশ ১৫৬ রান তুলতে পেরেছে মূলত পঞ্চম উইকেটে নাসিরের সঙ্গে সাব্বির রহমানের ৬৫ রানের জুটিতে। ৪১ বলের জুটিটির কল্যাণেই শেষ ১০ ওভারে এসেছে ৮৯ রান। ৪৩ বলে ৪৫ করেছেন নাসির, মাত্র ২২ বলে দুই চার আর চার ছক্কায় ৪৬ অলরাউন্ডার সাব্বিরের।নাসির সফল বল হাতেও, ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই তুলে নেন ২ উইকেট। পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে পড়ে প্রথম ৫ ওভারেই, ১৬ রান তুলতেই হারিয়ে ফেলে ৪ উইকেট। পঞ্চম উইকেটে ৪০ রানের মাঝারি একটা জুটি গড়েছিলেন নাইয়ার আব্বাস (৩৭) ও আলী আসাদ (১৭)। তার পর আবার উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। ১৫ বল আগেই অলআউট তারা ১০৪ রানে।ম্যাচ শেষে অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানালেন চোখ তাদের সোনার পদকেই, ‘শ্রীলঙ্কার কাছে হেরে খারাপ লেগেছিল, তবে বিশ্বাস হারাইনি। জানতাম আমরা পারব। বিশ্বাসটা এখন আরও বেড়ে গেছে, আশা করি ফাইনালেও আমরা জিতব।’ কাল মালদ্বীপকে (৭৩/৫) টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যবধানে (১৪৭ রানে) হারিয়ে ফাইনালের জন্য গা গরমটা ভালোই হয়েছে শ্রীলঙ্কার (২২০/৩)। ৫০ বলে ৯২ করেছেন অধিনায়ক প্রিয়াঞ্জন।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ: ২০ ওভারে ১৫৬/৬ (সাব্বির ৪৬*, নাসির ৪৫, মিঠুন ৩২, জুনাইদ ৩/২০)।পাকিস্তান: ১৭.৩ ওভারে ১০৪/১০ (আব্বাস ৩৭, শুভাশিস ২/১০, নাসির ২/২০, সানজামুল ২/২৮, নাজমুল ১/৩, সাব্বির ১/৭)।