নেভেনি তাঁর মনের আলো

ছোটবেলা থেকেই চোখে একটু কম দেখতেন। তখনো পৃথিবীর আলো একটু হলেও খুঁজে নিত তাঁর চোখ। সেই আলোয় আলোকিত হয়ে পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ই প্রতিযোগিতামূলক দাবায় হাতেখড়ি। নিজেকে শাণিত করে মেধাবী কিশোরটি রেটিংও পেল। ২০০২ সালে নিজের সর্বোচ্চ রেটিং উঠল ২২১৭। ২০০২-০৩ সালে জাতীয় পর্যায়ে উঠে জায়গা করে নিলেন সেরা ১২-তে।
কিন্তু নিয়তি সৈয়দ এজাজ হোসেনকে থামিয়ে দিয়েছে বড় নির্মমভাবে। তাঁর পৃথিবী আক্ষরিক অর্থেই ঢেকে যায় অন্ধকারে। ২০০৩ সালে ১৯ বছর বয়সে চরম দুর্ভাগ্যের শিকার হলেন। ধানমন্ডি ২৭ নম্বরে রাস্তা পার হতে গিয়ে ধাক্কা লাগল এক মোটরসাইকেলের সঙ্গে। চোখের রেটিনা দুর্বল হওয়ায় ছোট দুর্ঘটনাতেই বড় মূল্য দিতে হলো। পুরোপুরিই অন্ধ হয়ে গেলেন তরুণটি। জীবনে হঠাৎ এই ছন্দপতনে স্বাভাবিক চলাফেরার সঙ্গে দাবা খেলায়ও পড়ে যায় দাঁড়ি।
কিন্তু এজাজ সাহস নিয়ে সদর্পে এগিয়ে গেছেন। দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করতে গিয়ে জানলেন, চোখে আলো নেই বলে পৃথিবী শেষ নয়। মনের আলো কেউ কেড়ে নিতে পারে না। আর সেই আলো মেখে বিশ্বে অনেক দৃষ্টিহীনই ভালো দাবাড়ু হয়েছেন। ইংল্যান্ডের একজনের সঙ্গে এজাজের কথা হয়, যাঁর রেটিং ২২৫০। জন্মান্ধ সেই দাবাড়ু সাধারণ খেলোয়াড়দের সঙ্গেও খেলেন।
এজাজ তাঁকে প্রেরণা মেনে পা বাড়ালেন সেই পথে। এই ইচ্ছাশক্তি তাঁকে অলক্ষ্যে বলল, ‘এজাজ ওঠো, মাথা তুলে দাঁড়াও।’ ১১ বছর দাবা থেকে বিচ্ছিন্ন থেকে তাই ঘুরে দাঁড়ালেন। দাবার বোর্ডে ফিরে শুকিয়ে যাওয়া জীবনে খুঁজে নিলেন অন্য রকম আনন্দ।
স্বাভাবিক খেলোয়াড়দের সামনে বসলেন বিশেষ দাবা বোর্ড নিয়ে। এভাবে ফেরার বছর ২০১৪ সালে দ্বিতীয় বিভাগে খেলা হলো। এরপর কয়েকটি ওপেন রেটিং টুর্নামেন্ট খেলে আত্মবিশ্বাস আরও বাড়ল। এজাজ তুলে আনেন সেই গল্প, ‘অন্ধ হওয়ার পর রেটিং টুর্নামেন্টে একবার তো হারিয়ে দিলাম রানী হামিদকে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে ভালো অবস্থানে থেকে শেষ পর্যন্ত হারলাম। জিয়া বলেছিলেন, “তুমি তো অবিশ্বাস্য খেলেছ।” এটা আরও শক্তি জুগিয়েছে আমাকে।’
২০১৫ সালের দ্বিতীয় বিভাগ লিগেও খেললেন। কদিন আগে দাবা ফেডারেশন আয়োজিত দৃষ্টিহীনদের টুর্নামেন্টে সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। দৃষ্টিহীনদের দাবায় বর্তমানে এজাজই জাতীয় চ্যাম্পিয়ন। সামনে দ্বিতীয় বিভাগ লিগে খেলবেন স্বাভাবিক খেলোয়াড়দের সঙ্গে। এই ৩২ বছর বয়সে বন্ধুর পথ পেরিয়ে এখনো তাঁর রেটিংও যথেষ্ট ভালো, ২০৭৩।
এসব টুর্নামেন্ট খেলতে এজাজ একাই যান। মোহাম্মদপুরের বাসা থেকে বের হন একটা সাদা ছড়ি হাতে নিয়ে। সাধারণ যাত্রীদের মতো বাসে উত্তরা গিয়ে সপ্তাহে পাঁচ দিন শিক্ষক হিসেবে দাবা শেখান। সুযোগটা করে দিয়েছে এলিগ্যান্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে যেটির কম্পিউটারভিত্তিক যাবতীয় কাজও করেন এজাজ। একাডেমির উদ্যোক্তা সাবেক দাবাড়ু মাহমুদা মলি বলছিলেন, ‘ও দাবা ভালো খেলে, ভালো শেখায়। কম্পিউটারের কাজে খুবই দক্ষ। আমি সত্যিই মুগ্ধ।’
২০০৯ সালে ইংরেজি ভাষায় স্নাতক করে এখন স্নাতকোত্তর পড়ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। ইংরেজিতে সাবলীল, গুছিয়ে কথা বলায় জুড়ি নেই। সব দ্বিধা, জড়তা মন থেকে বিদায় করে দিয়েছেন সেই কবেই। বাকি জীবন ভরিয়ে তুলতে চান প্রাপ্তির আনন্দে, ‘আমার জীবনের লক্ষ্য এখন দুটি। এক, ভালো দাবাড়ু ও দাবা প্রশিক্ষক হিসেবে আরও প্রতিষ্ঠা। দুই, ইংরেজি ভাষা শিক্ষক হওয়া।’
কিন্তু সুন্দর পৃথিবীটাকে দেখতে না পারার বেদনা পোড়ায় না? সপ্রতিভ উত্তর, ‘মোটেও না। হতাশার পর্বটা আমি পেছনে ফেলে এসেছি। এখন আমি সামনে এগোনোর কথাই শুধু ভাবি।’ তবে শুরুতে এই দৃষ্টিহীন জীবনটা মানতে না পেরে আত্মহত্যার কথাও ভেবেছিলেন। আর এখন তাঁর কণ্ঠে শুধুই বাধা জয়ের গল্প। এখন কোথায় কখন যান, পরিবারকেও সেভাবে খোঁজ রাখতে হয় না।
এমন স্বাবলম্বী আর অদম্য এজাজের চোখের আলো নেই তো কী, মনের আলো কেড়ে নেওয়ার সাধ্য কার!