নেমে গেল একটা পাথরভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বুক থেকে একটা পাথর নেমে গেল। মুছে গেল একটা ক্ষত। যে ক্ষতটা বয়ে বেড়াচ্ছিলাম চার বছর ধরে। আয়ারল্যান্ডের কাছে গত বিশ্বকাপে হারের পর থেকে আমি এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম। অপেক্ষা ফুরিয়েছে। সাকিব ও তার দলকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়েলডান বয়েজ! ব্যাটিং ভালো হয়নি আমাদের। তবু শেষ পর্যন্ত জিতলাম। স্কোর বোর্ডে মাত্র ২০৫ রান জমা করে নির্ভার থাকা যায় না। এখনো ম্যাচ শেষ হয়নি, নিজের মনকে এই আশ্বাস দিয়ে বিরতিতে তবু নড়েচড়ে বসেছিলাম।আমরা তো স্পিন-স্পিন করছিলাম। ম্যাচটা আমরা জিতলাম শফিউলের দুর্দান্ত বোলিংয়ে। প্রথম ম্যাচে ও শেবাগের কাছে মার খেয়েছিল। কিন্তু এদিন ঘুরে দাঁড়িয়েছে। ওর খেলা নিয়েই নাকি সংশয় ছিল। কিন্তু উইকেট টু উইকেট বল করে নিজের দায়িত্বটা এত ভালোভাবে পালন করেছে, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। বাংলাদেশ দলের এই জয়ে বাড়তি কৃতিত্ব দিতে হবে শফিউলকে।শফিউলকে শেষ দিকে বোলিংয়ে আরও একবার ফিরিয়ে এনে সাকিব দারুণ কাজ করেছে। অনেকেই হয়তো সিদ্ধান্তটাকে বাঁকা চোখে দেখেছেন। আসলে সাকিব কাল যেভাবে বোলিংটা হ্যান্ডেল করল, তা এক কথায় অসাধারণ। যখন দেখেছে প্ল্যান ‘এ’ কাজ করছে না, দ্রুত চলে গেছে প্ল্যান ‘বি’-তে। প্ল্যান ‘বি’ কাজ না করলে দ্রুত প্ল্যান ‘সি’-তে গেছে। বলতে চাইছি, বোলিংয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছে। কোনো একটা সিদ্ধান্ত আঁকড়ে ধরেনি। এটাই একজন ভালো অধিনায়কের অন্যতম গুণ।ম্যাচের টার্নিং পয়েন্ট বলব, সোহরাওয়ার্দীর নেওয়া কেভিন ও’ব্রায়েনের ক্যাচটা। কেভিন স্পিন খুব ভালো খেলছিল। এবং সে আরও কিছুক্ষণ থাকলে ম্যাচের ফল হয়তো আমাদের অনুকূলে আসত না। এ ছাড়া আশরাফুলের দেওয়া দুটি ব্রেক থ্রুও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই জয়ে।শেষটা জয় দিয়ে, শুরুটাও দারুণ। কিন্তু বাকি সময়টা? এখানেই ব্যাটিং-ব্যর্থতার কথা বলতে হচ্ছে। যেভাবে শুরু চেয়েছিলাম সেভাবেই হয়েছে। কিন্তু মুশকিল হয়েছে নিয়মিত বিরতিতে উইকেট হারানো। এটা ঠিক হয়নি। এটা হলে আপনি বড় রান পাবেন না। আমাদের ব্যাটিংয়ে ভুল ছিল অনেক। তামিম ভালো ব্যাটিং করল। আশা ছিল, রানটা ২৩০-২৪০ পর্যন্ত যাবে।আমরা ব্যাটিংয়ে বেশি তাড়াহুড়ো করে ফেলেছি। নতুন বল যেভাবে ব্যাটে এসেছে এবং তামিম স্ট্রোক খেলল, কিন্তু বল পুরোনো হওয়ায় ব্যাটে সেভাবে আসেনি। আমরা সম্ভবত উইকেটের চরিত্রের সঙ্গে খাপ খাওয়াতে পারিনি। উইকেট যেটা অনুমোদন করে না, সেটা করতে গেলে সমস্যা হবেই। আমরা ঠিকই এই জায়গাতেই ভুল করেছি।উইকেট স্ট্রোক খেলার মতো ছিল না। আপনি তো গায়ের জোরে স্ট্রোক খেলতে পারবেন না। আমরা কিন্তু স্ট্রোক খেলতে গিয়েছি। তার ওপর ছিল আলগা ব্যাটিং। উইকেটে থেকে এক-দুইয়ের ওপর খেললেই চলত। হাতে উইকেট থাকলে আমরা আরও রান পেতাম। তবে কৃতিত্ব দিতে হবে আয়ারল্যান্ডকে। ভালো বল করেছে ওরা।