নেমে গেল বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিভাগে নেমে গেল বাংলাদেশ বিমান। কাল বিকেএসপিতে রেলিগেশনের প্লে-অফে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২৬ রানে হেরেই নিশ্চিত হয়েছে বিমানের অবনমন। টানা ৩৬ বছর ঢাকার শীর্ষ পর্যায়ে খেলার পর এই প্রথম রেলিগেশনে পড়ল সাবেক চ্যাম্পিয়নরা। লিগের প্রথম পর্বে ১০ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছিল বিমান। বাইলজের ফাঁদে পড়ে সূর্যতরুণ আগেই নেমে গেছে প্রথম বিভাগে। তাই রেলিগেশন লিগের পরিবর্তে মাত্র একটি প্লে-অফ খেলেই বিদায় হলো বিমানের।কাল টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন বিমানের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২০ রানের মধ্যেই ব্রাদার্সের দুই ওপেনার ইমরান নাজির ও নাজিমউদ্দিনকে ফিরিয়ে দিয়েছিলেন অধিনায়ক নিজেই। এরপরই তৃতীয় উইকেটে আফতাব আহমেদের সঙ্গে শিবনারায়ণ চন্দরপলের ১৬৩ রানের জুটি। আফতাব ৮৪ ও চন্দরপল ৭২ রান করেন। এরপর ধীমান ঘোষ (২৩ বলে ২৭) ও সোহেল আহমেদের (১৮ বলে ২৬) ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পাঁচ ওভারে ৪৯ রান করে ব্রাদার্স। ৫০ ওভারে ব্রাদার্সের রান ৬ উইকেটে ২৪২।জবাবে ৪৫ রানের মধ্যেই ৩ উইকেট হারায় বিমান। চতুর্থ উইকেটে খালেদ লতিফ (৮৯) ও জাভেদ ওমর (৬২) ১৩৮ রান করেন। ৪৩তম ওভারের শেষ বলে পাকিস্তানি ব্যাটসম্যান লতিফ আউট হওয়ার পর শেষ ৭ ওভারে বিমানের দরকার পড়ে ৬০ রানের। কিন্তু ৪৮.২ ওভারে ২১৬ রানেই গুটিয়ে যায় দলটি। ব্রাদার্সের তুষার ইমরান ৪৮ রানে নিয়েছেন ৩ উইকেট।