নেমেই নায়ক আরেক আফগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর মোহামেডানের ওপেনার এজাজ আহমেদ। কাল মিরপুরে   প্রথম আলো
সেঞ্চুরির পর মোহামেডানের ওপেনার এজাজ আহমেদ। কাল মিরপুরে প্রথম আলো

৯ ওভারে প্রয়োজন ছিল ৮১। হাতে ৬ উইকেট, এই যুগে এই রান খুব কঠিন কিছু নয়। উইকেটে থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যান। কিন্তু রহমত শাহর এক ওভারেই ঘুরে গেল খেলার মোড়। স্লগ সুইপে উড়িয়ে মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিলেন ২৩ বলে ২৫ রান করা ফরহাদ হোসেন। দুই বল পর পুল করে স্কয়ার লেগে ক্যাচ দিলেন ৮৩ রান করা নাঈম ইসলাম। কলাবাগান ক্রীড়া চক্রের আশা শেষ ওখানেই।
ঢাকা লিগে এবার এমনিতেই আফগানদের জয়জয়কার। সেই মিছিলে শামিল হলেন নতুন একজন। প্রথম খেলতে নেমেই কাল মোহামেডানের জয়ের অন্যতম নায়ক রহমত শাহ। ব্যাট হাতে সাতে নেমে তাঁর ২৬ বলে ৪২ রানে মোহামেডান ছাড়িয়েছে তিন শ (৩০৫)। পরে লেগ স্পিনে মোড় ঘুরিয়ে দেওয়া ওই ওভারের উইকেটটিসহ নিয়েছেন ৫ উইকেট। ১০৯ রানের ইনিংসে ম্যাচ-সেরা যদিও এজাজ আহমেদ, তবে অনায়াসে সেরা হতে পারতেন ২০ বছর বয়সী আফগান অলরাউন্ডারও। মোহামেডান সুপার লিগ নিশ্চিত করেছিল আগেই। কালকের ৪০ রানের জয়ে প্রথম পর্বের খেলা শেষ করল ১৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে থেকে। কলাবাগান থেকে গেল শেষের আগের স্থানেই।
সকালে মোহামেডান রাজিন সালেহ (১) ও জাতীয় দল-ফেরত শামসুর রহমানকে (০) হারায় প্রথম দুই ওভারেই। হাবিবুর রহমানকে (৬৫) নিয়ে তৃতীয় উইকেটে ১৬৫ রানের জুটি গড়েন এজাজ। ১১২ বলে সেঞ্চুরি ছোঁয়া এজাজ ফিরেছেন ১২০ বলে ১০৯ রান করে। শেষের ঝড়ে রহমতের সঙ্গী হয়েছেন মুক্তার আলী (১৭ বলে ২৬*)। জবাবে নাঈমের ব্যাটে চোখ রাঙাচ্ছিল কলাবাগানও। কিন্তু রহমতের স্পিনে শেষ ৬ উইকেট হারায় তারা ৪০ রানে।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান: ৪৯.৫ ওভারে ৩০৫ (এজাজ ১০৯, হাবিবুর ৬৪, রহমত ৪২, ধীমান ৩০*; মুবারক ৩/৬১, শাহাদাত ২/৩০, রকিবুল ২/৪৫, শাফায়াত ১/৫৭, আফজাল ১/২৮)।
কলাবাগান: ৪৯.৩ ওভারে ২৬৫ (নাঈম ৮৩, শাফায়াত ৪৩, মিথুন ৪১; রহমত ৫/৫০, দেলোয়ার ২/৩৪, সাকলাইন ১/৪৪, হাবিবুর ১/৩৩, রাজিন ১/২৩)
ফল: মোহামেডান ৪০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এজাজ আহমেদ (মোহামেডান)।