নেলসনের অভিষেকে জয়ী নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্রিকেটে অভিষেক, নেলসনের স্যাক্সটন ওভালটা কাল ছিল দর্শকে টইটম্বুর। ভয় ছিল একটাই, ম্যাচ পণ্ড করে দেওয়ার পূর্বাভাস দিয়েছিল বৃষ্টি। বৃষ্টি এসেছেও, কিন্তু একটু দেরি করেই। ততক্ষণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি ম্যাচের ফল ঘোষণার উপাত্ত পেয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩৪তম ওভারে খেলা থেমে যাওয়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি প্রয়োগে সমস্যা হয়নি। চতুর্থ ওয়ানডেটা ৫৮ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ড এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।
নিউজিল্যান্ড করেছিল ৫ উইকেটে ২৮৫ রান। রান পেয়েছেন টপ অর্ডারের সবাই, প্রথম চার ব্যাটসম্যানের প্রত্যেকেই করেছেন কমপক্ষে ৪৭ রান। যদিও ফিফটি মাত্র একটিই, ওপেনার মার্টিন গাপটিল করেছেন ৮১ (১১৯ বল)। উদ্বোধনী জুটিতে ৫৬ রান করেছেন গাপটিল, এই রানের ৪৭-ই ওয়ানডের ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরিয়ান জেসি রাইডারের (৪৭ বল)। উইলিয়ামসন ৫৫ বলে ৪৭ ও রস টেলর ৪৪ বলে করেছেন ৪৯ রান। আগের ম্যাচেই ওয়ানডের দ্রুততম সেঞ্চুরি হাঁকানো কোরি অ্যান্ডারসন কাল ১৩ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
২৮৬ রান তাড়ায় প্রথম ওভারেই রানআউট ওপেনার চ্যাডউইক ওয়াল্টন। চতুর্থ ওভারে বিনা রানে আউট আরেক ওপেনার জনসন চার্লসও। ২ রানে ২ উইকেট, এরপর ওয়েস্ট ইন্ডিজ ধুঁকতে ধুঁকতে ৫ উইকেটে ১৩৪ পর্যন্ত যেতেই নামে বৃষ্টি। ডি-এল পদ্ধতিতে ক্যারিবীয়রা তখন পেছনে ছিল ৫৮ রান।
সিরিজের শেষ ম্যাচ ৮ জানুয়ারি হ্যামিল্টনে। এএফপি, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৮৫/৬ (গাপটিল ৮১, রাইডার ৪৭, উইলিয়ামসন ৪৭, টেলর ৪৯, ব্রেন্ডন ম্যাককালাম ১৪, অ্যান্ডারসন ১৭*, রনকি ৯, নাথান ম্যাককালাম ৯*; হোল্ডার ১/৫৮, বেস্ট ১/৭০, ব্রাভো ২/৩৫, মিলার ০/৪৭, নারাইন ১/৪৭, দেওনারায়ণ ০/২৩)। ওয়েস্ট ইন্ডিজ: ৩৩.৪ ওভারে ১৩৪/৫ (ওয়াল্টন ০, চার্লস ০, এডওয়ার্ডস ২৪, সিমন্স ৪৩, ব্রাভো ৪৩*, দেওনারায়ণ ৩, রামদিন ১৭*; সাউদি ০/২১, ম্যাকলেনাহান ১/৩০, মিলস ০/১০, অ্যান্ডারসন ০/১০, নাথান ম্যাককালাম ১/৩০, উইলিয়ামসন ১/৩০)।
ফল: নিউজিল্যান্ড ৫৮ রানে জয়ী (ডি-এল পদ্ধতিতে)।
ম্যান অব দ্য ম্যাচ: মার্টিন গাপটিল।