নেহরু কাপে উপেক্ষিত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদক  আমন্ত্রণ রক্ষা করতে হয়। নইলে পরে আমন্ত্রণ না পাওয়ার ঝুঁকি ডেকে আনা হয়! দ্বিতীয়বার দিল্লির আমন্ত্রণ না পাওয়া তো তাই প্রমাণ করল। তাই গতকাল দিল্লিতে শুরু ১৫তম নেহরু কাপ ফুটবলে নেই বাংলাদেশ। অথচ এবারের নেহরু কাপে সিরিয়া, ক্যামেরুন, ভারতের সঙ্গে আছে নেপাল-মালদ্বীপের মতো দল। নেপাল, মালদ্বীপ আমন্ত্রণ পেলে বাংলাদেশ কেন নয়—এটা বাংলাদেশের ফুটবলের কাছে বড় এক আত্মজিজ্ঞাসাই।বাফুফের কর্তাব্যক্তিরা এসব খবরও রাখেন না। কোথায় কী হচ্ছে, কোথায় দল পাঠানো যায়—এসব বিষয় বরাবরই ছিল পেছনের পাতায়। অজুহাত আছে, বাইরের টুর্নামেন্টে খেলতে যাওয়া মানে তো খরচেরও ব্যাপার। আমন্ত্রণ এলে অনেক ক্ষেত্রে সেটি কর্তাদের ড্রয়ারে থেকে যায়! অতীতের মতো এই গোপনীয়তা সালাউদ্দিন-যুগেও ঘটছে।অথচ ২০০৮ সালে ১৬ বছর পর নতুন করে শুরু নেহরু কাপে বাংলাদেশ খুব উত্সাহ নিয়েই খেলেছে। ভারতেরই সৈয়দ নইমুদ্দিন ছিলেন বাংলাদেশের কোচ। ওই সময় মালয়েশিয়ার মারদেকা কাপেও বাংলাদেশের একটা দল গিয়েছে। এরপর এবার নিয়ে দ্বিতীয় নেহরু কাপ হচ্ছে। কিন্তু প্রথমটিতে মানে ২০০৯-১০-এর টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়েও বাংলাদেশ যায়নি। ফলে এবার আমন্ত্রণই আসেনি।এ বিষয়ে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীকে জিজ্ঞাসা করলে প্রথমে ‘আমি অবহিত নই’ বলে পরে খোঁজখবর নিয়ে জানালেন, ‘২০০৯-১০-এর টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু ঘরোয়া ব্যস্ততার কারণে দল পাঠানো যায়নি। এবার আমরা আমন্ত্রণই পাইনি।’ঘরোয়া আয়োজনের দোহাই সব সময় চলে। অথচ অল-ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের জাতীয় দলকে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ দিতে আয়োজন করছে নেহরু কাপ। সর্বশেষ দুটি টুর্নামেন্ট ভারত চ্যাম্পিয়নও হয়েছে। ওদিকে বাফুফে নিজেরা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট করে দেখাতে তো ব্যর্থই, উপরন্তু আমন্ত্রণ এলেও তা রক্ষা করে না!একসময় মালয়েশিয়ার মারদেকা কাপ, মিয়ানমারের রয়েল চ্যালেঞ্জ কাপে প্রায় নিয়মিতই আমন্ত্রণ পেত বাংলাদেশ। এখন এসব টুর্নামেন্টেও আর ডাকা হয় না। উদাসীন এবং পশ্চাত্পদ বাফুফে যোগাযোগও করে না। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পৃথিবী ছোটই হয়ে পড়ছে।জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম এটিকে দেশের ফুটবলের জন্য ক্ষতিকর বলছেন, ‘বাফুফের উচিত আন্তর্জাতিক ম্যাচ খেলার দিকে উদ্যোগী এবং আন্তরিক হওয়া, নেহরু কাপসহ আঞ্চলিক টুর্নামেন্টগুলোয় দল পাঠানো। দুর্ভাগ্যক্রমে এ বিষয়টিকে গুরুত্বই দেওয়া হচ্ছে না।’