নৌবাহিনী, না শেখ রাসেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার দাবা লিগে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথেই আছে নৌবাহিনী দাবা দল। তবে তাদের বঞ্চিত করে শিরোপা জিতে নিতে পারে প্রথমবার দল গড়া শেখ রাসেল স্মৃতি স্পোর্টিং ক্লাব। অষ্টম রাউন্ড শেষে দুই দল সমান ১৩ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে শীর্ষে। আজ শেষ রাউন্ডের খেলায় দুই দল যদি চারটি বোর্ডেই জিতে যায় তাহলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। আর যদি কোনো দল একটি বোর্ডে ড্র করে বা হারে তাহলে অন্য দলটি চার বোর্ডে জিতলেই চ্যাম্পিয়ন। দুই দলের গেম পয়েন্ট ও ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় এই সমীকরণের সামনে দাঁড়িয়ে নৌবাহিনী ও শেখ রাসেল।

শেখ রাসেলের এগিয়ে যাওয়ার ভালো একটা সুযোগ ছিল কাল। কিন্তু গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ইকরামুল হক সিয়ামের সঙ্গে ড্র করায় দুই দলের জন্যই উন্মুক্ত হয়ে পড়েছে শিরোপা। ক্যারিয়ারে প্রথমবারের মতো নিয়াজ মোরশেদের মুখোমুখি হয়ে ড্র করেন সিয়াম। আজ অবশ্য তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাচ্ছে নৌবাহিনী—লিওনাইন চেস ক্লাব। অন্যদিকে তিতাস ক্লাবের মুখোমুখি হবে শেখ রাসেল। তিতাসে খেলছেন দুই ভারতীয় আন্তর্জাতিক মাস্টার সাহেলি বড়ুয়া ও রাজদীপ সরকার। সুতরাং আজ চার বোর্ডেই শেখ রাসেলের জয়টা নিশ্চিত নয়।

কাল শেখ রাসেল ৩.৫-০.৫ পয়েন্টে নৌবাহিনী জুনিয়র দলকে, গোল্ডেন স্পোর্টিং ক্লাব ৩-১ পয়েন্টে সোনালী ব্যাংককে, নৌবাহিনী দাবা দল ৪-০ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে হারিয়েছে। প্রিতম প্রিজম এবং তিতাস খেলা ২-২ পয়েন্টে ড্র হয়েছে।