নৌবাহিনীতে গ্র্যান্ডমাস্টার জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত চার মৌসুম মোহামেডানের হয়ে খেলেছেন। আগামী মৌসুমে বাংলাদেশ নৌবাহিনীর জার্সিতে দেখা যাবে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে। কাল আনুষ্ঠানিকভাবে চুক্তিও সই করে ফেলেছেন জিয়া। যদিও তিনি আপাতত এক বছর চুক্তিভিত্তিক খেলবেন। তবে ভবিষ্যতে নৌবাহিনীর চাকুরে হিসেবেও দেখা যেতে পারে এই গ্র্যান্ডমাস্টারকে। বর্তমানে নৌবাহিনীতে চাকরি করছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও শেখ নাসির আহমেদ। আর নৌবাহিনীর হয়ে টানা দুই মৌসুম চুক্তিভিত্তিক খেলছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব।
প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন নৌবাহিনীকে নিয়ে দারুণ আশাবাদী গ্র্যান্ডমাস্টার রাকিব, ‘জিয়া ভাই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শুনে খুব ভালো লাগল। গতবারের তুলনায় এবার তাহলে আরও শক্তিশালী হবে দলটি। আশা করি, এবারও চ্যাম্পিয়ন হতে পারব।’ মোহামেডান ছেড়েছেন বলে একটু মন খারাপ জিয়ার। তবে পেশাদার খেলোয়াড়দের মতোই বললেন, ‘প্রিয় ক্লাব ছেড়ে যেতে খারাপ লেগেছে সত্যি, কিন্তু এখানে আমি সুযোগ-সুবিধা অনেক বেশি পাব। এ জন্যই নেভিতে গেলাম।’