নৌবাহিনীর দাবা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই রাউন্ড আগে থেকেই শিরোপার সুবাস পাচ্ছিল বাংলাদেশ নৌবাহিনী। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন মোহামেডানকে হারানোর পর সপ্তম রাউন্ডে জেতে সুলতানা কামাল দাবা ক্লাবের সঙ্গে। কাল শেষ রাউন্ডে নৌবাহিনীর জুনিয়র দলকে ৪-০ পয়েন্টে হারিয়ে প্রথমবারের মতো প্রিমিয়ার দাবা লিগ চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী।
১৯৭৭ সালে লিগ শুরুর পর থেকেই দাবায় ছিল বাংলাদেশ বিমানের আধিপত্য। আশির দশকের শুরু থেকে ২০০৮ পর্যন্ত বেশির ভাগ সময় ঘুরেফিরে হয় চ্যাম্পিয়ন না হয় রানার্সআপ হয়েছে বিমান। কিন্তু দাবায় ধারাবাহিকভাবে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী দল হয়ে উঠতে পারেনি কোনো ক্লাব। মোহামেডান, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, আনসার, লিওনাইন বা ডেসটিনি লিমিটেডকে দেখা যেত ওই জায়গাটায়। গত বছর রানার্সআপ হওয়া নৌবাহিনীকেও অনেকে দ্বিতীয় স্থানেই দেখেছিলেন। কিন্তু দলটির খেলোয়াড়েরা যেমনটি বলেছিলেন, সেই কথার প্রমাণ দিয়ে চ্যাম্পিয়নই হলো নৌবাহিনী।
দুই বছর আগে প্রিমিয়ার লিগে নতুন আসা দুরন্ত রাজশাহী দলটিই নৌবাহিনী নামে পরের বছরে খেলেছে প্রিমিয়ার লিগে। খেলার সুবাদে বেশির ভাগ দাবাড়ুরই স্থায়ী চাকরি দিয়েছে নৌবাহিনী কর্তৃপক্ষ। দল গড়েই প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে অংশ নিয়ে দলগত রুপা জেতে তারা। ব্যক্তিগত চ্যাম্পিয়ন হন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। নৌবাহিনীতে রাজীব ছাড়াও খেলছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন (সাগর), শেখ নাসির আহমেদ, খন্দকার আমিনুল ইসলাম ও তৈয়বুর রহমান। এই দলে শুধু গ্র্যান্ডমাস্টার রাকিব ও রাজীব খেলছেন চুক্তি ভিত্তিতে। বাকি ১০ জন এখন নৌবাহিনীর চাকরিজীবী। মোহামেডানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের চোখে বিষয়টি খুব ইতিবাচক, ‘এটা খুবই ভালো দিক। এতে দাবাড়ুদের নিরাপত্তা বেড়েছে। আর্থিক নিরাপত্তার কথা ভেবে এখন আরও অনেকে দাবায় আসতে চাইবে। নৌবাহিনীর মতো টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোও এখন এভাবে দল গড়তে পারে।’
রাজীব মনে করেন নৌবাহিনীতে স্থায়ী চাকরি পাওয়ার প্রভাবটা খেলাতেও পড়ছে, ‘নৌবাহিনীর মতো একটা দলের দাবায় আসা খুব দরকার ছিল। আমাদের তরুণ দাবাড়ুদের খেলার জায়গা ছিল না। এখন আমাদের আর্থিক দিক নিয়ে কোনো চিন্তা করতে হয় না। নিশ্চিন্তে খেলতে পারি।’ সঙ্গে যোগ করলেন, ‘আবাহনী বা শেখ জামাল এভাবে এগিয়ে এলে দাবায় আরও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে।’
নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী নৌবাহিনী কোনো বিদেশি খেলোয়াড় নেয় না। রাজীব জানালেন, ‘নৌবাহিনীর কর্মকর্তারাই আমাদের বলে দিয়েছেন দেশের দাবাড়ুরা যে ফল করবে তাতেই তাঁরা খুশি। বিদেশি নেওয়া হবে না।’ বিদেশি গ্র্যান্ডমাস্টারদের নিয়ে গড়া মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। এই ধারাবাহিকতা কত দিন থাকবে, সেই উত্তর তোলা রইল সময়ের হাতে।