নৈতিকতা কমিটির নৈতিকতা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈতিকতা কমিটির সিদ্ধান্ত মেনে নিয়েছেন, কিন্তু নিষিদ্ধ হওয়ার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না মোহাম্মদ বিন হাম্মাম। নৈতিকতা কমিটির ‘নৈতিকতা’ নিয়েই প্রশ্ন তুলেছেন আরেক নিষিদ্ধ জ্যাক ওয়ার্নার। ‘ফুটবল সুনামি’তে ফিফাকে ভাসিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ওয়ার্নার কথা রাখতে শুরু করেছেন। সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কনকাকাফকে ১০ লাখ ডলার ‘উপহার’ দেওয়ার। ফিফা মহাসচিব জেরম ভালকে জানিয়েছেন, ফিফা নির্বাচন পূর্বনির্ধারিত তারিখে, অর্থাৎ আগামীকালই হবে। হাম্মামের অনুপস্থিতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধানের দায়িত্ব নিয়েছেন চীনা ভাইস প্রেসিডেন্ট ঝ্যাং জিলং।ঘটনাবহুল রোববারের নাটকীয়তা শুরু হয়েছিল হাম্মামের প্রার্থিতা প্রত্যাহার দিয়ে। নামিবিয়ার পেট্রাস ডামাসেবের নেতৃত্বাধীন নৈতিকতা কমিটি এরপর সব ধরনের ফুটবল থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেন এএফসির প্রধান হাম্মাম ও কনকাকাফের প্রধান ওয়ার্নারকে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ঘুষ দিয়ে ক্যারিবিয়ান অঞ্চলের ভোট কেনার চেষ্টা। এই দুজনের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে নিষিদ্ধ করা হয়েছে ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়নের (সিএফইউ) দুই কর্মকর্তাকেও। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকে আবার দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত করে দিয়েছে নৈতিকতা কমিটি। এই সুইসের চতুর্থবারের মতো ফিফা সভাপতি হওয়া এখন স্রেফ সময়ের ব্যাপার।নিষিদ্ধ হওয়ার পর লিখিত বিবৃতিতে হাম্মাম বলেছেন, ‘নৈতিকতা কমিটির সভায় আমাকে শাস্তি দেওয়ার মতো উপযুক্ত কোনো প্রমাণই পাওয়া যায়নি। হিসেবমতো আমার তাই বেনিফিট অব ডাউট পাওয়ার কথা, অথচ আমাকে নিষিদ্ধ করা হলো। আমাকে বলা হয়েছিল, নৈতিকতা কমিটি পুরোপুরি স্বাধীন। অথচ সংবাদ সম্মেলনেই ফিফার মহাসচিব প্রমাণ করে দিয়েছেন, এই কমিটির ওপর কারও প্রভাব আছে।’ উল্লেখ্য, মহাসচিব ভালকে সংবাদ সম্মেলনে হাম্মামের বিরুদ্ধে নতুন কিছু প্রমাণ তুলে ধরেন, যেগুলো নৈতিকতা কমিটির প্রক্রিয়াধীন নয়।ওয়ার্নারের প্রতিক্রিয়া ছিল আরও তীব্র। ১০৪৪ শব্দের বিবৃতিতে ত্রিনিদাদের সংগঠক দাবি করেছেন, ৩ মে কনকাকাফ কংগ্রেসে কনকাকাফকে এক মিলিয়ন ডলার উপহার দিয়েছেন ব্ল্যাটার। উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি নাকি এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন ব্ল্যাটারের ওপর, কিন্তু তাঁকে ঠান্ডা করেন ভালকে। আর নৈতিকতা কমিটির রায় নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘নৈতিকতা কমিটির রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে নিষিদ্ধ করা ফিফার জন্যই সম্মান হানিকর। আর এই সিদ্ধান্তে তদন্তের পক্ষপাতদুষ্টতাও প্রমাণিত হয়। শিগগিরই আমি আরও অনেক কিছু ফাঁস করে দেব।’এদিকে ২০২২ বিশ্বকাপ আয়োজন-প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় ফিফার কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন অস্ট্রেলিয়ার এক সিনেটর। ওই বিশ্বকাপের স্বাগতিক হওয়ার জন্য প্রায় ৪৮ মিলিয়ন ডলার খরচ করেছিল অস্ট্রেলিয়া। ‘দুর্নীতির আশ্রয়ে’ কাতার স্বাগতিক হয়ে যাওয়ায় এখন সেই অর্থ ফেরত চান সিনেটর নিক জেনোফন। এএফপি, রয়টার্স।