নো বল বিতর্ক: দোষ স্বীকার সাঙ্গাকারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরাজ রণদিভের নো বলের ঘটনায় সৃষ্ট বিতর্কে আজ বুধবার দোষ স্বীকার করে নিয়েছেন কুমার সাঙ্গাকারা। এ ঘটনার সঙ্গে কোনো ক্রিকেটারের সংশ্লিষ্টতা মিললে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার এ অধিনায়ক।রণদিভের নো বলের ঘটনায় বীরেন্দর শেবাগ সেঞ্চুরি না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। শেবাগের কাছে দুঃখ প্রকাশ করেছেন ঘটনার মূল নায়ক রণদিভ নিজেও। তবে বিতর্ক উসকে উঠেছে শ্রীলঙ্কার একটি দৈনিকে প্রকাশিত খবরে। এ ঘটনায় শ্রীলঙ্কার গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিবেদন জমা দেয়নি। এরই মধ্যে শ্রীলঙ্কার দৈনিক দ্য আইল্যান্ড জানিয়েছে, রণদিভ নিজ থেকে নো বল করেননি, তাঁকে এ কাজ করতে পরামর্শ দিয়েছিলেন দিলশান।নো বলের ঘটনায় দোষ স্বীকার করে নিয়ে আজ এক সংবাদ সম্মেলনে সাঙ্গাকারা বলেন, ‘যা ঘটেছে তার সব দায়ভার আমি নিচ্ছি। এখন বিষয়টি বোর্ডের ব্যাপার। যদি কোনো ক্রিকেটারের এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।’নো বল করার জন্য রণদিভকে কেউ পরামর্শ দিয়েছিলেন কি না, এ বিষয়ে কিছু বলেননি শ্রীলঙ্কার অধিনায়ক। তবে গেম স্পিরিট বজায় রাখতে ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাঙ্গাকারা বলেন, ‘গেম স্পিরিটের ক্ষেত্রে লুকুচুরির কোনো সুযোগ নেই। বিশ্বের সব দলের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য। মাঠ ও মাঠের বাইরে নিজেদের ভালোভাবে তুলে ধরতে হবে। এটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।’সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে সাঙ্গাকারা বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে ম্যাচের আগে বা পরে কী হয়েছে, তা ভুলে যাওয়ার চেষ্টা করি আমরা। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তুলনামূলক ভালো অবস্থা পেতে হবে আমাদেরকে, প্রতিটি ম্যাচেই জয় পাওয়ার চেষ্টা করতে হবে।’—টাইমস অব ইন্ডিয়া