নো-বলের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে শ্রীলঙ্কা
সুরাজ রণদিভের নো-বলের ঘটনায় গতকাল সোমবার বীরেন্দর শেবাগ সেঞ্চুরি না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার সকালে শ্রীলঙ্কা ক্রিকেট কাউন্সিলের সেক্রেটারি নিশান্থা রানাতুঙ্গা ভারতীয় দলের ম্যানেজার রঞ্জিব বিশওয়ালকে ফোন করে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। খবর পিটিআই।শেবাগ ৯৯ রানে অপরাজিত থেকে সুরাজ রণদিভের বল উড়িয়ে মাঠের বাইরে পাঠান। সেঞ্চুরির আনন্দে দুই হাত ওপরেও তুলেছিলেন, কিন্তু সেঞ্চুরিটা হয়নি তাঁর! বলটি ‘নো’ হওয়ার সঙ্গে সঙ্গেই জিতে গেছে ভারত। বল মাঠের বাইরে উড়িয়েও ছয় পাননি শেবাগ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের এই তারকা ব্যাটসম্যানের সরাসরি অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নো-বল করেছিলেন রণদিভ!রঞ্জিব বিশওয়াল পিটিআইকে বলেন, ‘আজ সকালে রানাতুঙ্গা আমাকে ফোন করে এ ঘটনায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন। শ্রীলঙ্কার এই মনোভাব শেবাগের কাছে পৌঁছে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।’রানাতুঙ্গা পিটিআইকে আরও বলেন, ‘আমরা এ ঘটনায় দলের ম্যানেজারের প্রতিবেদনের অপেক্ষায় আছি। প্রতিবেদন হাতে পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমরা দুঃখিত, এ ধরনের অনৈতিক কাজকে মেনে নেওয়া যায় না।’শ্রীলঙ্কার দুঃখ প্রকাশের পর ভারতীয় দলের মনোভাব কী, জানকে চাইলে ম্যানেজার রঞ্জিব বিশওয়াল বলেন, ‘শ্রীলঙ্কা বোর্ডের সেক্রেটারি ফোন করে দুঃখ প্রকাশ করার পর আমাদের আর কিছু বলার নেই। এ ঘটনার এখানেই শেষ হিসেবে দেখছি আমরা।’