নোয়াখালী স্টেডিয়াম জেলা প্রশাসকের!
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছেন খেলোয়াড়েরা। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচির পর তাঁরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হন।ব্যর্থ হওয়ারই কথা। খেলোয়াড়দের মানববন্ধনে ভীষণ ক্ষুব্ধ জেলা প্রশাসক ও জেলা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম। গতকাল দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, ‘মাঠ আমার। আমার মাঠে মেলা হলে তাদের কী ক্ষতি? তারা কার অনুমতি নিয়ে মানববন্ধন করেছে?’জেলা প্রশাসক আরও বলেন, ‘আপনি ইচ্ছা করলে আমাকে কোট করেই লিখতে পারেন—আমি এখন থেকে আর মাঠে কাউকে প্র্যাকটিস করতে দেব না। প্র্যাকটিস করে তারা মাঠ নষ্ট করে ফেলে। আমি আজই নোটিশ টাঙিয়ে দিতে বলব; মাঠে স্পোর্টস টুর্নামেন্ট ছাড়া কোনো প্র্যাকটিস হবে না। প্রয়োজনে আমি এই চেয়ার ছেড়ে দিতেও রাজি।’ কাল বেলা সাড়ে ১১টা থেকে জেলা শহরের বিভিন্ন ক্লাব ও ক্রীড়াসংগঠনের খেলোয়াড় ও সদস্যরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে সমবেত হতে থাকেন। দুপুর ১২টার সময় শতাধিক খেলোয়াড় ‘আমরা মাঠ ভাড়া দিয়ে খেতে চাই না, আমরা সারা বছর খেলতে চাই’ লেখা ব্যানার নিয়ে সেখানে মানববন্ধন করেন। মানববন্ধনে দেশের দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটি, সাফ গেমসে রুপাজয়ী সুমিতা রানী দাস, রফিকুল হক, আজগর হোসেন, মাঈন উদ্দিনসহ আরও অনেকে বক্তৃতা করেন। বক্তারা বলেন, তাঁরা সারা বছরই মাঠে খেলাধুলা আর অনুশীলন করতে চান। বাণিজ্য মেলার কারণে স্টেডিয়ামে খেলা বন্ধ থাকবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খেলোয়াড়েরা অভিযোগ করেন, মাঠে বাণিজ্য মেলা হলে মাঠ ক্ষতিগ্রস্ত হয়। পরে খেলোয়াড়দের খেলতে গিয়ে সমস্যায় পড়তে হয়।নোয়াখালী চেম্বার অ্যান্ড কমার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ১ মে থেকে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে। এ ব্যাপারে কাল জেলা ক্রীড়া সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ক্রীড়া সংস্থার সভা বা কোনো ধরনের আলোচনা ছাড়াই স্টেডিয়াম দখল করে বাণিজ্য মেলার নামে জুয়ার আসর বসানোর প্রস্তুতি চলছে। আমরা চাই, মাঠ যেন শুধু খেলাধুলা ও অনুশীলনের কাজেই ব্যবহূত হয়।’