নোয়াখালীতে ফের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের প্রতিবাদে গতকালও মানববন্ধন করেছেন খেলোয়াড়েরা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টেডিয়ামের সামনের চৌমুহনী-মাইজদী সড়কে এবং স্টেডিয়ামের প্রবেশপথে নোয়াখালী ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে।মানববন্ধন চলাকালে খেলোয়াড়েরা ‘মাঠ আমাদের ঠিকানা, ব্যাট-বল আমাদের বন্ধু’, ‘রাজপথ নয়—আমরা মাঠে থাকতে চাই’, ‘নোয়াখালী স্টেডিয়ামে ৩ বছর কোনো লিগ নাই, তবে কেন মাঠ ভাড়া দিয়ে খাই খাই’, ‘খেলার মাঠে মেলা নয়’ লেখা সংবলিত ব্যানার হাতে নিয়ে দাঁড়ান। এ সময় খেলোয়াড়দের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে ক্রীড়া অনুরাগী অনেক সাধারণ মানুষকেও মানববন্ধনে শামিল হতে দেখা যায়।এ সময় উপস্থিত খেলোয়াড় ও অন্যদের উদ্দেশে বক্তব্য দেন নোয়াখালী ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইকবাল হোসেন (রনি), মাঈনউদ্দিন বাপ্পি প্রমুখ। আলাউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা চাই খেলার মাঠ সব সময় খেলার জন্য উন্মুক্ত থাকুক। কিন্তু তা না করে জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়ামে মেলার অনুমতিদানের যে একতরফা সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।’এদিকে জেলা ক্রীড়া সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি ও স্থানীয় সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, গতকাল শনিবার প্রথম আলোয় প্রকাশিত সাক্ষাৎকারে জেলা প্রশাসক স্টেডিয়াম, খেলোয়াড়দের হুমকি প্রদান এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পর্কে যে মিথ্যাচার করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, জেলা প্রশাসকের মতো একটি দায়িত্বশীল পদে থেকে একেক বার একেক রকম বক্তব্য দেওয়া কোনোভাবেই সমীচীন নয়।উল্লেখ্য, খেলোয়াড়দের খেলাধুলা ও অ্যাথলেটদের প্র্যাকটিস বন্ধ রেখে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে ১ মে থেকে শিল্প ও বাণিজ্য মেলার অনুমতি দিতে সিদ্ধান্ত নেওয়া হয় জেলা ক্রীড়া সংস্থার সভায়। এরপর সিদ্ধান্তটি অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে প্রেরণ করা হয়। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন ছাড়াই স্টেডিয়ামে মেলার আয়োজন চলায় এবং এ নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসকের বিতর্কিত ভূমিকার জন্য খেলোয়াড়েরা তাঁদের প্রতিবাদ অব্যাহত রাখেন।