নৌবাহিনী সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিসেল ২৪তম জাতীয় বাস্কেটবলের ফাইনাল শেষ। ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমনেসিয়ামে তখন আনন্দ করছিলেন চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়েরা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রস্তুত হচ্ছিলেন খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিতে। হঠাৎ করে রানার্সআপ দলের খেলোয়াড় সেনাবাহিনীর মিঠুন তেড়ে মারতে গেলেন ফাইনালের আম্পায়ারকে। আম্পায়ার নিজেকে বাঁচালেন ভিআইপি ও আমন্ত্রিত কর্মকর্তাদের মধ্যে ঢুকে গিয়ে। মন্ত্রীর সামনেই ঘটে গেল লঙ্কাকাণ্ড!এই ঘটনা বেশি দূর গড়ায়নি। তবে অনুষ্ঠানের সৌন্দর্যহানির জন্য যথেষ্ট ছিল। এবারের জাতীয় বাস্কেটবলের ফাইনালে উত্তেজনা ছিল কোর্ট এবং কোর্টের বাইরেও।গ্যালারির দুই পাশ থেকে গলা ফাটিয়ে সমর্থন দিয়েছেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন সেনাবাহিনীকে ৬৮-৬২ পয়েন্টে হারিয়ে ২০০২ সালের পর আবার (তিনটি টুর্নামেন্ট হয়েছে) জাতীয় বাস্কেটবলের শিরোপা পুনরুদ্ধার করেছে নৌবাহিনী। খুলনাকে ৭৪-৫০ পয়েন্টে হারিয়ে এবারের প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে বাংলাদেশ রাইফেলস।জাতীয় বাস্কেটবল প্রথম শুরু হয়েছিল ১৯৭৬ সালে। আর এই প্রতিযোগিতা মানেই নৌ আর সেনাবাহিনীর মর্যাদার প্রশ্ন! গত ২৬ আসরে ১৩ বারই ফাইনালে মুখোমুখি হলো নৌবাহিনী-সেনাবাহিনী। নৌবাহিনীর জয় ৭ বার, সব মিলিয়ে সর্বোচ্চ ১২ বার চ্যাম্পিয়ন হলো নৌবাহিনী। বাংলাদেশে ঘরোয়া খেলায় হেরে যাওয়া দল রেফারিং বা আম্পায়ারিং নিয়ে আপত্তি তোলে। সেনাবাহিনীর খেলোয়াড়-কর্মকর্তারা তো ‘নিম্নমানের আম্পায়ারিং’ নিয়ে খুবই সোচ্চার ছিলেন।ফাইনালে সেনাবাহিনীর সর্বোচ্চ স্কোরার (১৫ পয়েন্ট) আতাউর রহমান পেয়েছেন টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কারও। পুরস্কার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী, ফেডারেশনের সভাপতি সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, এটিএন বাংলার উপদেষ্টা (প্রোগ্রাম) নওয়াজিশ আলী খান প্রমুখ।