ন্যু ক্যাম্পই ভরসা বার্সেলোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরার্ডো মার্টিনো
জেরার্ডো মার্টিনো

এবারের মৌসুমে প্রিয় ক্লাবের পারফরম্যান্সে নিশ্চিতভাবেই খুশি হতে পারেননি বার্সেলোনার সমর্থকেরা। কোপা ডেল রে, চ্যাম্পিয়নস লিগ; কিছুই যে জিততে পারেনি বার্সা। এখন আশার আলো জ্বলছে শুধু লা লিগার শিরোপাটি ঘিরে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিগের শেষ ম্যাচটা জিতলেই এবারের মৌসুমের একমাত্র সাফল্যটি অর্জন করতে পারবে কাতালানরা। আর এই ম্যাচটা নিজেদের মাঠে বলেই আশাটা বেশি কোচ জেরার্ডো মার্টিনোর। ন্যু ক্যাম্পের সমর্থকেরাই বার্সাকে শিরোপা জেতাতে পারেন বলে মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন কোচ।

অনেকটা ভাগ্যের জোরেই এবারের স্প্যানিশ লিগ শিরোপা জয়ের লড়াইয়ে টিকে আছে বার্সেলোনা। গ্রানাডার বিপক্ষে হার, গেটাফের বিপক্ষে ড্রয়ের পর প্রায় শেষই হতে বসেছিল কাতালানদের লা লিগা স্বপ্ন। কিন্তু দুই প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদই লড়াইয়ে টিকিয়ে রেখেছে বার্সাকে। গতকালও মালাগার বিপক্ষে জিতলেই শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠতে পারত অ্যাটলেটিকো।
কিন্তু ডিয়েগো সিমিওনের শিষ্যরা মাঠ ছেড়েছেন ড্র করে। ফলে এলচের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরও শিরোপার আশা টিকে আছে বার্সেলোনার। বার্সা-অ্যাটলেটিকোর শেষ মুখোমুখি লড়াইটাই এখন হয়ে গেছে লা লিগার অঘোষিত ফাইনাল। আগামী সপ্তাহে ন্যু ক্যাম্পের এই ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকেরাও একটা বড় ভূমিকা পালন করবেন বলে আশা করছেন মার্টিনো, ‘দর্শকদের সমর্থন আমাদের খুব করেই প্রয়োজন হবে। এবারের মৌসুমে আমরা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। কিন্তু দর্শকেরা পাশে থাকলে আমরা লিগ শিরোপাটা জিততে পারব।’


এবারের মৌসুমে অ্যাটলেটিকোর বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি বার্সা। ড্র হয়েছে চারটি ম্যাচ। অ্যাটলেটিকো জিতেছিল একটিতে। শিরোপা নির্ধারণী শেষ ম্যাচে বার্সা এই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারবে কি না—সেটাই দেখার বিষয়। ন্যু ক্যাম্পে শুধু ড্র করলেও শিরোপা জিততে পারবে অ্যাটলেটিকো। অন্যদিকে জয়ের কোনো বিকল্প নেই বার্সার সামনে।— গোল ডটকম