ন্যু ক্যাম্পে গার্দিওলার বিদায়ী ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে-কলমে যাত্রাটা শুরু হয়েছিল ২০০৮ সালের ৫ জুন। আরেক জুনের ৩০ তারিখে এসে সেই সম্পর্কের সমাপ্তি হচ্ছে। মাঝখানে চারটি বছর। ১৩টি শিরোপা। আনন্দ-বেদনা-আবেগ-ভালোবাসার অজস্র স্মৃতি। ২০০৮ সালের আগস্টে প্রথম ন্যু ক্যাম্পের ডাগআউটে এসে দাঁড়িয়েছিলেন। আজ আপাতত শেষবারের জন্য নিজের প্রিয় সেই স্টেডিয়ামের ডাগআউটে দেখা যাবে তাঁকে। আজ স্প্যানিশ লিগে এসপানিওলের সঙ্গে খেলবে বার্সেলোনা। এরপর আরও দুটো ম্যাচ পাবেন গার্দিওলা। কিন্তু এটাই ন্যু ক্যাম্পে তাঁর শেষ ম্যাচ!ভেতরে নিশ্চয়ই আবেগের উথাল-পাথাল ঝড় বইছে। তবে পেশাদারির খোলসে নিজের আবেগে লাগাম পরিয়ে রাখছেন গার্দিওলা। নিজের বিদায় নিয়ে এখন আর কোনো কথা বলতে চান না। বরং বার্সার কোচ প্রথমেই অভিনন্দন জানালেন রিয়াল মাদ্রিদকে লিগ শিরোপা জেতার জন্য, ‘মাদ্রিদ এবার যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে। কারণ, ওরা এবার অনেক পয়েন্ট পেয়েছে।’ এরপর উত্তরসূরিদের বার্তা দিয়ে গেলেন, ‘আমাদেরও এখন ভাবতে হবে নিজেদের আরও উন্নত করে আমরা কীভাবে ওদের আবার হারাতে পারি। শুধু ভালো খেললেই মাদ্রিদকে হারানো যাবে না। আপনাকে ভালোর চেয়েও ভালো খেলতে হবে। তারা এখন খুবই শক্তিশালী।’অবশ্য শিষ্যদের ওপর তাঁর আস্থা আছে। তা ছাড়া এবার চোটের কারণে দলের অনেক ভরসাকে বড় সময়ের জন্য পাননি। ডেভিড ভিয়া তো দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে। বাইরে ছিলেন অ্যালেক্সিস সানচেজ, ইব্রাহিম আফেলাই, এরিক আবিদাল। সেস ফ্যাব্রিগাসও প্রথম মৌসুমে হতাশ করেছেন। গার্দিওলার বিশ্বাস, এই খেলোয়াড়েরা নিজেদের সেরা ফর্মে ফিরলেই বার্সা আবার হয়ে উঠবে অপ্রতিরোধ্য। বিশেষ করে, ভিয়ার দিকেই তাকিয়ে আছেন তিনি, ‘ভিয়া ভালোমতোই সেরে উঠছে। এখন প্রায় আর কোনো ব্যথাই ওর নেই। প্রতিদিনই আরও ভালো হয়ে উঠছে। আশা করি, ইউরো ২০১২-তে ও খেলবে।’বার্সেলোনা পারেনি, এ নিয়ে অবশ্যই কষ্ট আছে। তবে হেরে গেলেই ষড়যন্ত্র খোঁজা, পরাজয় মেনে নিতে না পারা এখনকার ফুটবলের যে সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, তা থেকে বার্সা সাবধানে ছোঁয়াচ বাঁচিয়ে চলতে পেরেছে বলেও মনে করেন তিনি, ‘জিততে সবাই-ই চায়। তবে জয়ের পাশাপাশি পরাজয়ও কীভাবে মেনে নেবেন, সেটাও শেখা উচিত। আমার দল হেরে গিয়েও যেমন আচরণ করেছে, তাতে আমি খুবই গর্বিত।’কোচ হিসেবে নিশ্চয়ই আবারও কাজে ফিরবেন। বার্সা না হোক অন্য কোনো দলের হয়ে। কিন্তু একদিন কি আবারও ফিরবেন না এই দলে? দূর ভবিষ্যতের দিকে এখনই তাকাতে চান না ৪১ বছর বয়সী কোচ। তবে প্যারিস সেন্ট জার্মেইয়ের সাবেক কোচ লুইস ফার্নান্দেজের ধারণা, আবারও বার্সায় ফিরবেন গার্দিওলা, ‘ও বার্সেলোনায় ফিরবেই। বার্সেলোনাকে ও একটা দল গড়ে দিয়েছে, খেলার একটা ধরন দাঁড় করিয়ে দিয়েছে, অনন্য একটা ভাবমূর্তিও এনে দিয়েছে। ও ফিরবেই।’এমনিতে অর্থহীন হয়ে পড়া স্প্যানিশ লিগের লড়াইটা তাই শেষ পর্যন্ত আলাদা গুরুত্ব পাচ্ছে। দলগত লড়াইয়ের হিসাব-নিকাশ শেষ হয়ে গেলেও ব্যক্তিগত দ্বৈরথ তো চলছে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির মীমাংসা এখনো হয়নি। ৪৬ গোল নিয়ে শীর্ষে লিওনেল মেসি, রোনালদোর গোল ৪৪টি। আজ একই সময়ে গ্রানাডার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। ওয়েবসাইট।