ন্যু ক্যাম্পে মহারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল ক্লাসিকো এলেই হয়তো বার্সেলোনার মনে পড়ে যায় ২০০৮ সালের মে মাসের সেই ছবি। রিয়াল-বার্সা ম্যাচ। শিরোপা নিশ্চিত হয়ে গেছে রিয়ালের। স্প্যানিশ লিগের রেওয়াজ, চ্যাম্পিয়ন দলকে দিতে হবে গার্ড অব অনার। পুরো সান্তিয়াগো বার্নাব্যুকে সাক্ষী রেখে সার বেঁধে দাঁড়িয়ে বার্সেলোনা এক রকম সেলামই ঠুকল রিয়ালের উদ্দেশে। এ যে কাতালান বিদ্রোহী চেতনারই অপমান!গত চারটি এল ক্লাসিকো জিতে সেই অপমানের শোধ নিয়েছে বার্সেলোনা। কাতালানের বিদ্রোহী চেতনা আছে, মাদ্রিদের আভিজাত্যের অহংবোধ নেই! গত চারটি এল ক্লাসিকোর ক্ষত কি এখনো তাদের যন্ত্রণা দেয় না? অবশ্যই দেয়। তাদের সেই যন্ত্রণার উপশম হতে পারে আজ, ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে হারিয়ে দিয়ে।একদিকে বিদ্রোহী চেতনা, আরেক দিকে আভিজাত্যের অহংকার; আজ এল ক্লাসিকো না জমে পারেই না!আপনি খেলার মধ্যে রাজনীতি না টেনে নিখাদ খেলার মধ্যে থাকতে চাইলে অনেক রসদও পাবেন। স্প্যানিশ লিগ মানে বার্সা বনাম রিয়াল। গত ছয় বছরে শিরোপার হাতবদল হয়েছে এ দুই দলের মধ্যেই, ১০ বছরে বার্সা-রিয়াল ছাড়া শিরোপা জিতেছে শুধু ভ্যালেন্সিয়া।গতবার তো শিরোপার মীমাংসা হলো একেবারে শেষ ম্যাচে। ২০০৪-০৫ মৌসুমে দুই দলের শিরোপার মাঝখানে ব্যবধান ছিল মাত্র ৪ পয়েন্টের। ২০০৬-০৭ মৌসুমে তো দুই দলের পয়েন্ট হয়ে গেল সমান! লিগের নিয়ম অনুযায়ী দেখা হলো মুখোমুখি ফল। এল ক্লাসিকোর জয়ই শিরোপা দিল রিয়াল মাদ্রিদকে।হোসে মরিনহো যত জোর দিয়েই দাবি করুন, ‘এটা স্রেফ আরেকটা ম্যাচ’, তাঁর ল্যাপটপের সফটওয়্যারই জানাবে, এবারের এল ক্লাসিকোও শেষ পর্যন্ত হয়ে উঠতে পারে শিরোপা-নির্ধারক। এবারও যে গায়ে গা লাগিয়ে এগোচ্ছে দুই দল। ১২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩২, বার্সার ৩১। বার্সা জিতে একে ওঠে তো পরের ম্যাচেই রিয়াল তাদের টেনে নামায়, কিংবা রিয়াল জিতে পয়েন্ট ব্যবধান চারে নিয়ে যায় তো বার্সা তাদের ধরে ফেলে পরের ম্যাচেই।শুধু জয় নয়, জয়ের ধরনেরও চলছে পাল্টা-পাল্টি জবাব। আলমেরিয়াকে বার্সা ৮-০ গোল উড়িয়ে দেওয়ার পরের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে রিয়াল গুঁড়িয়ে দিল ৫-১-এ। চ্যাম্পিয়নস লিগে আয়াক্সকে রিয়াল ৪-০ গোলে হারানোর পরদিন প্যানাথিনাইকোসকে বার্সা হারাল ৩-০-তে।যুদ্ধের ভেতর খণ্ডযুদ্ধ থাকে। দলগত লড়াইয়ের মধ্যে থাকে ব্যক্তিগত দ্বৈরথ। এবারও যেটি এগিয়ে নিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। হ্যাটট্রিক করে রোনালদোকে টপকে মেসি হয়ে গেলেন লিগের সর্বোচ্চ গোলদাতা, পরের ম্যাচেই রোনালদো হ্যাটট্রিক করে ছিনিয়ে নিলেন শীর্ষস্থান।আজ এল ক্লাসিকো না জমলে সেটি হবে নেহাতই একটা দুর্ঘটনা। এবং লিগের গত চারটি এল ক্লাসিকোয় বার্সার জয়, ২০০৭-এর ডিসেম্বরের পর থেকে ন্যু ক্যাম্পে রিয়ালের জিততে না-পারা এসব তথ্যও ফেবারিটের পাল্লা পেপ গার্দিওলার দিকে ঝোঁকাতে পারছে না। পারছে না, কারণ এই মৌসুমে কোনো ম্যাচেই রিয়াল হারেনি। অপরাজেয় বর্ম পরেই আজ ন্যু ক্যাম্পে নামবে তারা। বার্সার ভয়, লিগে যে দুটো ম্যাচে তারা পয়েন্ট হারিয়েছে, দুটোই হয়েছে নিজেদের মাঠে। পুঁচকে হারকিউলিসের কাছে হার আর রিয়াল মায়োর্কার সঙ্গে ড্র।এই রিয়াল ৬-২ গোলে আত্মসমর্পণ করার দল নয়। এই রিয়ালের ডাগ-আউটে থাকবেন মরিনহো! ‘আমি ওদের চেলসির হয়ে হারিয়েছি, ইন্টার মিলানের হয়েও হারিয়েছি। কিন্তু এবারের জয়টি হবে আরও মধুর। এবার যে আমি মাদ্রিদে’—প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস ভালোই জানেন বার্সায় সহকারী কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করা পর্তুগিজ কোচ।সর্বশেষ চারটি এল ক্লাসিকোর তিনটিতেই গোল করা মেসিও মানছেন, মরিনহোই রিয়ালের সবচেয়ে বড় শক্তি। সতীর্থদের এই বলে সতর্কও করছেন, ‘ওরা কিন্তু ৬-২ গোলের শোধ দেওয়ার জন্য ফুঁসছে।’এল ক্লাসিকো যে একটা ধ্রুপদি ম্যাচ উপহার দিতে চলেছে এ ব্যাপারে আপনি আশ্বস্ত হতে পারেন। রাত জাগা আপনার বৃথা যাবে না। অবশ্য নিয়তিবাদী হলে সংশয় একটাই, এটি লিগের ১৩তম ম্যাচ!