ন্যু ক্যাম্পে মেসি আজ দর্শক
৬৬ ম্যাচ আর ৬ বছর ৬ মাস ১২ দিন পর পরশু জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছেন। সুইজারল্যান্ডের বিপক্ষে করা ওই হ্যাটট্রিকের সুবাদে ক্লাব সতীর্থদেরও অনুপ্রাণিত করতে পারতেন লিওনেল মেসি। উল্টো মেসি নিজেই আজ বার্সেলোনার বড় দুশ্চিন্তার কারণ।ঘরের মাঠ ন্যু ক্যাম্পে স্পোর্টিং গিজনের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে পারছেন না বার্সেলোনা তারকা। মাথার ওপর হলুদ কার্ডের নিষেধাজ্ঞা। লা লিগা ক্যারিয়ারে এই প্রথম নিষেধাজ্ঞার কারণে কোনো ম্যাচ খেলা হচ্ছে না তিনবারের বর্ষসেরা ফুটবলারের।এ মৌসুমে এখনো পর্যন্ত পাঁচবার হলুদ কার্ড দেখেছেন মেসি। যার সর্বশেষটি গত রোববার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে। হাত দিয়ে বল থামিয়ে গোলও করেছিলেন মেসি। গোল তো বাতিল হয়েছেই, সঙ্গে জোটে হলুদ কার্ড। ন্যু ক্যাম্পে আজ আরও একটি কৌতূহলোদ্দীপক লড়াই হবে। দুই দলের ডাগআউটের সেই লড়াইটা গুরু আর শিষ্যের। গত মাসেই স্পোর্টিং গিজনের দায়িত্ব নিয়েছেন স্পেনের সাবেক কোচ হাভিয়ের ক্লেমেন্তে। যিনি পেপ গার্দিওলারও কোচ ছিলেন। ক্লেমেন্তে স্পেন জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন ১৯৯২ থেকে ১৯৯৮ পর্যন্ত। ১৯৯২ সালেই জাতীয় দলে অভিষিক্ত গার্দিওলা ওই ৬ বছরই কোচ হিসেবে পেয়েছেন ক্লেমেন্তেকে।সময়ের ব্যবধান আজ তাঁদের দাঁড় করিয়ে দিয়েছে প্রতিপক্ষ হিসেবে। পয়েন্ট তালিকার ১৯ নম্বরে থাকলেও ক্লেমেন্তে দায়িত্ব নেওয়ার পর গত দুই ম্যাচেই ড্র করেছে গিজন। গার্দিওলার ভয়টাও এখানেই। তা ছাড়া গত সপ্তাহেই ক্লেমেন্তে ভবিষ্যদ্বাণী করে রেখেছেন, তাঁর মনে হয় না ১০ পয়েন্ট পেছনে থেকে বার্সেলোনার পক্ষে শিরোপা জেতা সম্ভব। যদিও মুখোমুখি হওয়ার আগে শিষ্যের পিঠই চাপড়ে দিয়েছেন ক্লেমেন্তে, ‘আমি পেপকে খুব ভালো জানি। আমি নিশ্চিত ড্রেসিং রুমে সে খেলোয়াড়দের বিশ্বাস রাখতে বলবে।’প্রথম লেগ ম্যাচে গিজনের মাঠে গিয়ে বার্সেলোনা জিতেছিল ১-০ গোলে। আজ ন্যু ক্যাম্পে ম্যাচ বলে বার্সা বাড়তি সুবিধাও পাবে। এ মৌসুমে বার্সার বেশির ভাগ জয় তো নিজেদের মাঠেই। কিন্তু অনুপ্রেরণাদায়ী মেসির অনুপস্থিতি গার্দিওলার দলের জন্য অন্য রকম একটা চ্যালেঞ্জ।এই চ্যালেঞ্জে জিতলে রিয়াল মাদ্রিদকে সামান্য হলেও চাপে রাখা যাবে। অন্তত ২৪ ঘণ্টার জন্য পয়েন্টের ব্যবধানটা ১০ থেকে ৭-এ নামিয়ে আনতে পারবে গার্দিওলার দল। কারণ এসপানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচ আগামীকাল। রয়টার্স।