ন্যু ক্যাম্পে সুন্দর ফুটবল
ন্যু ক্যাম্প পরশু দেখল আলো ঝলমল ফুটবল। নিজেদের মাঠে পাসিং ও আক্রমণাত্মক ফুটবলের যুগল প্রদর্শনী দেখাল বার্সেলোনা। প্রতিপক্ষ ভিয়ারিয়ালও ভালোই জবাব দেওয়ায় ফুটবলপ্রেমীদের ফুটবল-তৃষ্ণা মিটেছে ষোলআনাই।প্রতিদ্বন্দ্বিতামুখর ম্যাচটিতে কাতালানরাই হেসেছে শেষ হাসি। ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে ২৪ ঘণ্টার জন্য হলেও পয়েন্ট তালিকারও শীর্ষে উঠেছিল বার্সা। কাল রাতে স্পোর্টিং গিজনের বিপক্ষে জিতে থাকলে অবশ্য রিয়াল মাদ্রিদ আবার উঠে গেছে শীর্ষে।ভিয়ারিয়াল বার্সার সঙ্গে সমানে সমান লড়াই করে যাচ্ছিল প্রথম থেকেই। প্রথম আক্রমণটি করেছিল বার্সা, দুর্দান্ত এক সেভে মেসিকে গোলবঞ্চিত করেন ভিয়ারিয়াল গোলরক্ষক ডিয়েগো লোপেজ। শেষ পর্যন্ত অবশ্য ৫৮ ও ৮৩ মিনিটের গোলে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন মেসিই। ২২ মিনিটে বার্সাকে প্রথম এগিয়ে দেন ভিয়া। দুর্দান্ত পাল্টা-আক্রমণে ভিয়ার গোলটি ২৬ মিনিটে ফিরিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিলমার। তবে এর আগে ভুল অফসাইডের সিদ্ধান্তে মেসির একটি গোল বাতিল করেছেন সহকারী রেফারি।স্পেনে বার্সেলোনার রাতটা ইংল্যান্ডের বড় দলগুলোর জন্য ছিল মিশ্র অনুভূতির। শিরোপাপ্রত্যাশী ম্যানচেস্টার ইউনাইটেড হারতে হারতে ড্র (২-২) করেছে অ্যাস্টন ভিলার সঙ্গে। বার্মিংহাম সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। লিভারপুল তো স্টোক সিটির কাছে ২-০ গোলে হেরেই গেছে। ইতালির সিরি ‘আ’তে জুভেন্টাস-রোমা ম্যাচ হয়েছে ১-১ গোলে ড্র। স্বাগতিক জুভেন্টাসের পক্ষে প্রথম গোল করেন ইয়াকুইন্তা। পেনাল্টি থেকে সেটি শোধ করেন রোমা অধিনায়ক ফ্রান্সেসকো টট্টি। বুন্দেসলিগায় নিজেদের মাঠে ১০ জনের হ্যানোভারের কাছে ০-১ গোলে হেরে মেইঞ্জ নেমে গেছে তিনে, এতে ৭ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থানে সংহত হয়েছে ডর্টমুন্ডের অবস্থান। অ্যাস্টন ভিলার মাঠে অ্যাশলি ইয়ং ও অলব্রাইটনের গোলে ৪ মিনিটের ব্যবধানে ২-০-তে পিছিয়ে পড়েছিল ম্যানইউ। অ্যাস্টন ভিলার সমর্থকেরা উৎসবেরই আয়োজন সাজিয়েছিল। কিন্তু শেষ ১০ মিনিটের ঝড়ে উড়ে যায় তাদের আশা। ৮১ মিনিটে ম্যানইউর প্রথম গোল করেন মাচেদা। ৮৫ মিনিটে ২-২ করেন ভিদিচ। ড্র করে ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসনের খুশি হতে পারেন না। তবে এমন ফলে এদিন অখুশিও তিনি হননি, ‘অতীতে অনেকবারই আমরা এভাবে ম্যাচে ফিরেছি। খেলোয়াড়দের লড়াকু মানসিকতাটা আমার ভালো লেগেছে।’ম্যান সিটি কোচ রবার্তো মানচিনিও একই সুরে কথা বলেছেন, ‘আমরা অনেক ভালো খেলেছি। ১৭টি গোলের সুযোগ পেয়েছি। শুধু গোল করতে পারিনি।’ এই গোল করতে না পারার ব্যর্থতায় নিজেদের মাঠে নিজেদের দর্শকদের কাছ থেকে ‘দুয়ো’ শুনতে হয়েছে মানচিনিকে। এতেও কান দিচ্ছেন না ইতালিয়ান কোচ, ‘সমর্থকেরা তাদের মতো করেই ভাববে। কিন্তু আমি একজন ম্যানেজার, আমাকে আমার মতোই ভাবতে হবে।’লিভারপুল কোচ রয় হজসন পরাজয়ের চেয়ে বেশি ভাবছেন ফার্নান্দো তোরেসের আবার চোট পাওয়া নিয়ে। পরাজয়ের কারণ হিসেবে তোরেসের দ্বিতীয়ার্ধে খেলতে না পারাকেই দেখালেন হজসন, ‘ফার্নান্দোকে দ্বিতীয়ার্ধে হারিয়েছি আমরা। ও মাঠ থেকে উঠতে চায়নি, আমরাও ওকে তুলে নিতে চাইনি। কিন্তু ও আসলে চোট নিয়ে নিজের মতো খেলতে পারছিল না।’ এএফপি, ওয়েবসাইট।