ন্যু ক্যাম্পেই নেইমার
সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন তো ছিলই। একদিকে রিয়াল, অন্যদিকে বার্সা। দুই দিন আগে জানিয়েছিলেন পরিবারের সঙ্গে কথা বলেই ঠিক করবেন কাকে বেছেন নেবেন। মনের মধ্যে উথালপাতাল ঝড় বইছিল। এই একটা সিদ্ধান্তই যে এঁকে দেবে ফুটবল ক্যারিয়ারের গতিপথ! তবে মনস্থির করতে খুব একটা সময় নিলেন না নেইমার। পাঁচ মিনিট, আধঘণ্টা বা তিন দিন নয়, নেইমার আনুষ্ঠানিক ঘোষণা দিতে সময় নিলেন ২৪ ঘণ্টা।ঘটনাপরম্পরায় বোঝাই যাচ্ছিল, ইউরোপে সান্তোস তারকার আসাটা সময়ের ব্যাপার। একটাই অপেক্ষা, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, কার সঙ্গে যুগলবন্দী দেখা যাবে নেইমারের? গত পরশু সান্তোস স্ট্রাইকার নিজেই সব উত্তেজনায় জল ঢেলে দিয়েছেন। নিজের টুইটার ও ইনস্ট্রাগাম অ্যাকাউন্টে ঘোষণা দিয়েছেন ন্যু ক্যাম্পই হতে যাচ্ছে তাঁর নতুন ঠিকানা, ‘সোমবারে (গতকাল) বার্সেলোনার সঙ্গে আমি চুক্তিবদ্ধ হচ্ছি। অবিশ্বাস্য নয়টি বছরের জন্য সান্তোস সমর্থকদের আমি ধন্যবাদ জানাচ্ছি।’ পরে নিজেদের ওয়েবসাইটে বার্সেলোনাও নিশ্চিত করেছে খবরটা। সান্তোসও নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে নেইমারের সঙ্গে সম্পর্কটা চুকেবুকে যাচ্ছে তাদের। নতুন ক্লাবে যাওয়ার আনন্দ তো আছেই। তবে যে ক্লাবের সিনিয়র দলে কাটিয়েছেন চারটি বছর, তাদের সঙ্গে সম্পর্কচ্ছেদের বেদনাটাও যেন বাজল নেইমারের কণ্ঠে, ‘এটা আমার জন্য অন্য রকম একটা মুহূর্ত। দুঃখের (প্রস্থান) ও আনন্দের (নতুন চ্যালেঞ্জ)।’ জানিয়েছেন আরও একবার সান্তোসের হয়ে নামতে চান মাঠে, ‘আমি ম্যান্টল (সান্তোসের জার্সি) গায়ে চড়িয়ে আরও একবার মাঠে নামতে চাই। আমি শুনতে চাই সমর্থকেরা আমার নাম ধরে গলা ফাটাচ্ছে।’ গতকালই ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ফ্ল্যামেঙ্গোর মুখোমুখি হয়েছে সান্তোস। নেইমার মাঠে নেমেছেন কিনা সেটা অবশ্য জানা যায়নি।তবে নেইমারকে পেতে ঠিক কত টাকা খসাতে হচ্ছে বার্সেলোনাকে সেটি অপ্রকাশিতই থেকে গেছে। অনুমান, অঙ্কটা ৫ কোটি ইউরোর কাছাকাছি। বার্ষিক বেতন নাকি ঠিক হয়েছে ৭০ লাখ ইউরো। চার বছরের ক্যারিয়ারে দারুণ একটা সময়ই কাটিয়েছিলে সান্তোসে। ২৫৬ ম্যাচে করেছেন ১৫৬ গোল, করিয়েছেন ৭৭টি। সেই ১৯৬০ সালে পেলের কীর্তির পর সান্তোসকে ২০১১ সালে জিতিয়েছেন কোপা লিবার্তাদোরেস। এত দিন ব্রাজিল মাতিয়েছেন, এবার পারবেন ইউরোপ মাতাতে? রয়টার্স।