ন্যু ক্যাম্পের 'ফাইনালে' দর্শক রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল-দেবতা বুঝি নিজ হাতেই লিখে রেখেছিলেন শেষের আগের অঙ্কটা হবে এমন নাটকীয়। নয়তো একসঙ্গে মাঠে নেমে শিরোপার প্রধান তিন প্রতিদ্বন্দ্বীই কেন হোঁচট খাবে!

সেই নাটক ধারণামতো শিরোপা মীমাংসার ভার তুলে দিয়েছে শেষ রাউন্ডের হাতে । কিন্তু তার আগেই রিয়াল মাদ্রিদের আশা শেষ। শিরোপার দাবিদার এখন অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। ন্যু ক্যাম্পে দুই দলের শেষ ম্যাচটা এখন অলিখিত ফাইনাল। শিরোপার জন্য বার্সেলোনাকে তাতে জিততে হবে। আর ড্র করলেও ১৮ বছর পর লিগ শিরোপা জিতবে অ্যাটলেটিকো।

এলচের মাঠে বার্সেলোনার গোলশূন্য ড্র, নিজেদের মাঠে অ্যাটলেটিকোর ১-১ ড্র মালাগার সঙ্গে। জিতলে শিরোপা লড়াইয়ে রিয়ালও থাকত ভালোভাবেই। কিন্তু আনচেলত্তির দল সেল্টা ভিগোর কাছে হেরে বসে ২-০ গোলে। চোটের কারণে রোনালদো-বেনজেমা দলেই ছিলেন না। বেলকে বদলি তালিকায় রাখলেও মাঠে নামাননি আনচেলত্তি। তার পরও তো দলটা রিয়াল। বায়ার্নকে তাদের মাঠে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে ৪-০ বিধ্বস্ত করে আসার পর লিগের তিন ম্যাচে রিয়াল পেয়েছে ২ পয়েন্ট। রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, ‘সেমিফাইনালের পর আমরা তীব্রতা হারিয়ে ফেলেছি এবং তার কড়া মাশুলই আমাদের দিতে হয়েছে।’ রিয়াল দুটো গোলই খেয়েছে রক্ষণে দুই অভিজ্ঞ খেলোয়াড় সার্জিও রামোস ও জাবি আলোনসোর বড় দুটি ভুলে। অানচেলত্তির কণ্ঠে হতাশা, ‘আমরা হতাশ। কারণ আমরা লিগ হারিয়েছি।’ রিয়াল কোচের চোখ এখন ২৪ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে।

অ্যাটলেটিকো-বার্সেলোনা দুই শিবিরই ন্যু ক্যাম্পের ‘ফাইনাল’ রোমাঞ্চে কাঁপছে। বার্সা ড্র করায় মালাগার বিপক্ষে জিতলে পরশুই শিরোপা হাতে তুলত অ্যাটলেটিকো। সুযোগটা হাতছাড়া হলেও হতাশ নন কোচ ডিয়েগো সিমিওনে, ‘মৌসুমের শুরুতে যদি আপনি বলতেন, বার্সার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে থেকে আমরা ন্যু ক্যাম্পে শেষ ম্যাচটি খেলতে যাব, কেউ বিশ্বাস করত না। ম্যাচটা ফাইনালের মতো। দুদলের সম্ভাবনা ৫০-৫০।’

বার্সার সুবিধা ম্যাচটা তারা খেলবে নিজেদের মাঠে। কোচ জেরার্ডো মার্টিনো আশাবাদী শিরোপা জিতবে বার্সেলোনাই। সে জন্য তিনি সহযোগিতা চাইছেন সমর্থকদের কাছে, ‘আমাদের দরকার হবে সমর্থকদের সমর্থন, যাতে খেলোয়াড়েরা মাঠে উজ্জীবিত থাকে।’ এএফপি।