
মেস্তালা স্টেডিয়ামে সেদিনের ম্যাচ শেষে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে রিয়াল তখন উৎসবে মাতোয়ারা। এমনকি বাঁধনহারা উদ্যাপন করতে গিয়ে ফেরার পথে হাত থেকে ট্রফিটাই ফেলে দিয়েছিলেন সার্জিও রামোস। শুধু একটা কোপা ডেল রের শিরোপাই তো নয়, ওটা যে ছিল রিয়ালের কাছে বার্সেলোনাকে হারানোর স্মারকও!
সেই একই মাঠ। প্রতিপক্ষ সেই দুই দল। উপলক্ষও অভিন্ন—কোপা ডেল রের ফাইনালে আরও একটা এল ক্লাসিকো। শেষ হাসি যে দলের মুখেই থাকুক, সন্দেহ নেই আজও উদ্যাপনটা এমন বাঁধনহারাই হবে।
২০১১ কোপা ডেল রের সেই ফাইনালের পরের বছরই শিরোপা পুনরুদ্ধার করে নিয়েছিল বার্সেলোনা। ওই টুর্নামেন্ট জয়ের পথে কোয়ার্টার ফাইনালে রিয়ালকেও হারিয়েছিল বার্সা। কিন্তু ফাইনালের হারের জ্বালা কি আর কোয়ার্টার ফাইনালে জুড়ায়!
দুই দলের সর্বশেষ ফাইনালে হাসিটা রিয়াল মাদ্রিদের মুখে থাকলেও সব মিলিয়ে কোপা ডেল রের ফাইনালে মুখোমুখি লড়াইয়ে সমতা। ১১২ বছরের ইতিহাসে ছয়টি ‘এল ক্লাসিকো ফাইনাল’। তিনবার শেষ হাসি রিয়াল মাদ্রিদের। তিনবার শিরোপা ঘরে নিয়েছে বার্সেলোনাও। আজ পাল্লাটা ঝুঁকে যাবে যেকোনো একদিকে।

এই মৌসুমে অবশ্য এরই মধ্যে লা লিগায় দুটি এল ক্লাসিকো দেখেছে ফুটবল বিশ্ব। দুবারই জয়ী বার্সেলোনা। তবে সেই বার্সেলোনা আর আজকের বার্সেলোনার মধ্যে বেশ তফাত। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় হয়ে গেছে মেসি-নেইমারদের। নিচের দিকের দল গ্রানাডার কাছে হেরে ফিকে হতে শুরু করেছে লা লিগার স্বপ্নও।
সবচেয়ে বড় কথা, পরপর কয়েকটা ধাক্কায় মানসিকভাবেও যেন বিপর্যস্ত জেরার্ডো মার্টিনোর দল। মানসিকভাবে নিজেদের চাঙা করার এখন একটাই উপায় দেখছেন বার্সা ডিফেন্ডার কার্লোস পুয়োল, ‘আমরা চেষ্টা করছি সমাধান খুঁজতে। আপাতত সমাধান ফাইনালেই। এটা আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে শিরোপার লড়াই। আশা করছি, সমর্থকদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পারব।’
মানসিকভাবে বার্সার চেয়ে রিয়ালেরই এগিয়ে থাকার কথা। লিগে সর্বশেষ এল ক্লাসিকোতে ৩-৪ গোলে হারের স্মৃতি ভুলে রিয়াল ঘুরে দাঁড়িয়েছে। নিঃশ্বাস ফেলছে শীর্ষে থাকা অ্যাটলেটিকোর ঘাড়ে। চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠে বাঁচিয়ে রেখেছে লা দেসিমার স্বপ্ন। সব মিলিয়ে রিয়াল কোচ হিসেবে প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছেন কার্লো আনচেলত্তি। আজ বার্সেলোনাকে হারাতে পারলে আরও উজ্জ্বল হবে সেই সম্ভাবনা।
তবে সমস্যা একটাই, গুরুত্বপূর্ণ ম্যাচটাতে আনচেলত্তি পাবেন না সেরা খেলোয়াড় রোনালদোকে। কুচকির চোটের কারণে রোনালদো খেলতে পারেননি লিগের সর্বশেষ দুই ম্যাচে, ছিলেন না চ্যাম্পিয়নস লিগে বরুসিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগেও। তবে আজ রোনালদোর না থাকার খবর আত্মবিশ্বাস কমাতে পারেনি আনচেলত্তির, ‘আমরা রোনালদোকে মিস করব, তবে তার মানে এই নয় যে ছেলেরা হাহুতাশ করছে। রোনালদোকে ছাড়া কীভাবে জিততে হয়, সেটা ওরা জানে। আর এটা তো অন্য একজনের জন্যও সুযোগ নিজেকে প্রমাণ করার।’
সুযোগ বার্সেলোনার সামনেও। রোনালদোহীন রিয়ালকে তো আর প্রতিদিন পাওয়া যাবে না! ওয়েবসাইট।
আগের ছয়টি ফাইনাল
সাল ভেন্যু ফল
১৯৩৬ মেস্তালা রিয়াল ২-১ বার্সেলোনা
১৯৬৮ বার্নাব্যু বার্সেলোনা ১-০ রিয়াল
১৯৭৪ ক্যালদেরন রিয়াল ৪-০ বার্সেলোনা
১৯৮৩ রোমারেদা বার্সেলোনা ২-১ রিয়াল
১৯৯০ মেস্তালা বার্সেলোনা ২-০ রিয়াল
২০১১ মেস্তালা রিয়াল ১-০ বার্সেলোনা