নড়বড়ে বার্সা, প্রত্যয়ী সিটি

কী এমন হয়েছে যে এত সমালোচনা শুনতে হবে—আলেক্সিস সানচেজ রীতিমতো বিরক্ত।
লিগে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে গেছে বার্সেলোনা—সে তো মাত্র ৪ পয়েন্টের ব্যাপার। ২৩ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোটা জিতে গেলেই তো আবার লা লিগার লড়াইয়ে ফিরবে বার্সা। কোপা ডেলরের ফাইনালে উঠেছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ইতিহাদে হারিয়েছে ২-০ গোলে। টানা সপ্তমবারের মতো কোয়ার্টার ফাইনালে এক পা তো বার্সার দেওয়াই আছে।
তার পরেও আজ ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের আগে বার্সেলোনাকে সমালোচকদের তিরে বিদ্ধ হতে দেখে সানচেজ
খেপে বলেই ফেললেন, ‘আমরা মাত্র একটা ম্যাচ হেরেছি আর সবাই এমন ভাব করছে, যেন কেউ মরে গেছে!’
সানচেজ যে ম্যাচটার কথা বলছেন সেটি লিগে, অবনমন এলাকায় থাকা ভ্যালাদোলিদের সঙ্গে গত শনিবার ১-০ গোলে হেরেছে বার্সা। তবে সমালোচনার একমাত্র কারণ সেটা নয়। ফেব্রুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত লিগে ছয় ম্যাচের তিনটিই হেরেছে বার্সা। তবে ভ্যালাদোলিদের সঙ্গে হার আর ম্যাচের পর কোচ জেরার্ডো মার্টিনো ও তাঁর শিষ্যদের কথা শুনেই মনে হয়েছে আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে বার্সার। সানচেজ অবশ্য সরাসরি তা স্বীকার করলেন না। কিন্তু দল যে একটা বড় ধাক্কা খেয়েছে, সেটি বোঝা গেল তাঁর কথা শুনেই, ‘ভ্যালাদোলিদের সঙ্গে ম্যাচটা ছিল অদ্ভুত। কিন্তু ওই ম্যাচ পেছনে ফেলেই আমাদের এগিয়ে যেতে হবে এবং এ নিয়ে গ্লানিতে ভোগারও কোনো কারণ নেই।’
নড়বড়ে বার্সার মুখোমুখি হওয়ার আগে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই ম্যানচেস্টার সিটিও। এফএ কাপে উইগানের কাছে হারের ক্ষত এখনো শুকোয়নি। ফেব্রুয়ারির আগ পর্যন্ত সব ধরনের টুর্নামেন্টে ২০ ম্যাচে ৬৯ গোল করেছিল সিটি। ফেব্রুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত সেই দলই ৭ ম্যাচের তিনটি হেরেছে, ড্র একটি। এই সময়ে নিজেরা ৭ গোল করে খেয়েছে ৬টি। তার ওপর ন্যু ক্যাম্পে আজ ম্যানুয়েল পেলেগ্রিনির দল নামছে দুই গোল পিছিয়ে থেকে।
সিটির অবস্থা যেমনই হোক, গত কিছুদিনের সমালোচনার জবাব আজ নিজের মাঠে দিতে তাতিয়ে থাকবেন মেসি-নেইমাররা। সিটির মূল ভাবনাও এই দুজনকে ঘিরেই হওয়ার কথা। যদিও অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি বলছেন, ‘ওদের দলে অসাধারণ কিছু ফুটবলার আছে, সুতরাং কিছু নাম তো আসবেই। কিন্তু সত্যি হচ্ছে, সবকিছুর পরে ওরা একটা দল। আমাদের তো বার্সেলোনাকে হারাতে হবে, মেসি-নেইমারকে নয়।’
বার্সাকে হারানোর এই মিশনে আজ সার্জিও আগুয়েরোকে পাচ্ছে সিটি। চোটের কারণে গত মাসে প্রথম লেগে খেলতে পারেননি আগুয়েরো। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে ১০ ম্যাচে পাঁচ গোল করেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। সিটির কাছে বার্সেলোনা নতুন প্রতিপক্ষ হতে পারে, আগুয়েরোর কাছে পুরোনোই। চেনা প্রতিপক্ষ পেয়ে আজ নিজের সেরাটা দিতে পারবেন সিটি স্ট্রাইকার? উত্তর মিলবে ম্যাচ শেষে। এএফপি, রয়টার্স।
প্যারিসে আজ রাতের অন্য ম্যাচে অকল্পনীয় কিছু না ঘটলে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত পিএসজির। বেঅ্যারেনায় প্রথম লেগে জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ফরাসি লিগের শীর্ষ দলটি ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে। প্রতিপক্ষের মাঠে আজ তাদের অগ্নিপরীক্ষাই।
আজ মুখোমুখি
বার্সেলোনা-ম্যান সিটি
পিএসজি-লেভারকুসেন
*প্রথমে স্বাগতিক দল