নড়েচড়ে বসল মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে তিনজন দাবাড়ুকে বহিষ্কারের ঘটনার রেশ কাটতে না-কাটতেই দাবায় আরেক কেলেঙ্কারি। যুক্তরাষ্ট্রের লাসভেগাসে নিতান্তই গুরুত্বহীন একটা টুর্নামেন্টে পাঁচজন অখ্যাত দাবাড়ুকে পাঠানোর জন্য ভিসা করেছে দাবা ফেডারেশন। অভিযোগ আছে, এ নিয়ে মোটা অঙ্কের টাকারও লেনদেন হয়েছে নেপথ্যে।
ফেডারেশনের কয়েকজন কর্মকর্তাও এই সুযোগে পাসপোর্টে আমেরিকান ভিসা লাগিয়ে সপরিবারে নিজেদের আখের গোছানোর পরিকল্পনা করেছেন। যুক্তরাষ্ট্রে দাবা দলের এই কথিত সফর নিয়ে গতকাল প্রায় সব জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখন থেকে যাতে যাচাই-বাছাই করে সরকারি আদেশের (জিও) জন্য মন্ত্রণালয়ে আবেদনপত্র পাঠায় জাতীয় ক্রীড়া পরিষদ, সে ব্যাপারে ক্রীড়া পরিষদকে গতকালই নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ কোনো রকম বিচার-বিশ্লেষণ না করেই জিওর জন্য মন্ত্রণালয়ে ফাইল পাঠায়। এ কারণে অনেকেই সুযোগটা নিয়ে মানব পাচারসহ নানা অপকর্মে জড়িয়ে যাচ্ছেন।
ভালো টুর্নামেন্টে খেলতে গেলে আপত্তি থাকার কথা নয়। যিনি খেলতে যাবেন, তাঁর ওই টুর্নামেন্টে খেলা আদৌ প্রয়োজন কি না, সেটিও বিবেচ্য। কিন্তু এমন সব টুর্নামেন্টে দাবাড়ু নাম নিয়ে অনেকে যাচ্ছেন, যা দেশের দাবারই নাম ডোবাচ্ছে। দাবা ফেডারেশনও এসব টুর্নামেন্টে দল পাঠাতে আগ্রহ দেখাচ্ছে বেশি।

ফেডারেশনের নির্বাচনী প্রতিশ্রুতি থেকে যাচ্ছে আড়ালেই। বর্তমান কমিটি নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে পারেনি। অথচ প্রতি বছর আন্তর্জাতিক টুর্নামেন্ট করার অঙ্গীকার করেছিল এ কমিটি।