নয় কোটি টাকার শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে তিনটি টুর্নামেন্টে রানার্সআপ। শিরোপার সুবাস পেতে পেতেও অধরা থেকে গেছে। এবার ঘরোয়া ফুটবলে সব কটি শিরোপা জিতে সেই হতাশা ভুলতে চায় শেখ জামাল ধানমন্ডি।
প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির যোগসূত্র ঘটাতে এবার শেখ জামাল কাগজে-কলমে বেশ শক্তিশালী দল গড়েছে। অনেকের চোখে শেখ জামালই এবারের সেরা দল। সেটির প্রথম মহড়াটা হয়ে গেল কাল বাফুফে ভবনে। বড় দলগুলোর মধ্যে সবার আগে এসে খেলোয়াড় নিবন্ধন করল সাড়ম্বরে। শ খানেক মোটর সাইকেল, গোটা পাঁচেক ঘোড়ার গাড়ি সঙ্গে একটা পিকআপে বিরাট লাউড স্পিকার, যেটির শব্দে গোটা মতিঝিল এলাকা সরগরম।
শেখ জামালের খেলোয়াড়-কর্মকর্তারা শরীরী ভাষায়ও ফুটিয়ে তুললেন ‘এক নম্বর’ হওয়ার প্রতিজ্ঞা। আপাতদৃষ্টিতে শেখ জামালই এবার সবচেয়ে বড় বাজেটের দল গড়েছে। খেলোয়াড় নিবন্ধন শেষে সংবাদ সম্মেলনে ক্লাব সভাপতি মনজুর কাদেরের দাবি, ‘গত তিন মৌসুম আমরা ৫-৬ কোটি টাকার দল গড়েছিলাম। এবার অঙ্কটা ৯ কোটিতে পৌঁছাবে।’
টাকা খরচের সঙ্গে মাঠের বাইরেও শেখ জামাল বেশ গোছানো। নিজস্ব মাঠ করা হয়েছে। আনা হয়েছে ট্রেনার। এবার নতুন মৌসুমে দলটি অনুশীলন শুরু করে সবার আগে, ১৮ আগস্ট। খেলোয়াড়দের দলভুক্ত করা হয়েছে তারও আগে। গতবারের ট্রেবলজয়ী শেখ রাসেলের অধিনায়ক মামুনুল ইসলাম এই দলের অধিনায়ক, ৩৭ লাখ টাকায় শেখ জামালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যিনি টানা দ্বিতীয় মৌসুমে দেশের মধ্যে সবচেয়ে দামি ফুটবলার। সংবাদ সম্মেলনে মামুনুল বললেন, ‘এবার ফেডারেশন কাপ, লিগ, স্বাধীনতা কাপ, সুপার কাপ যে কটি টুর্নামেন্টই হোক না কেন, সবগুলোই ঘরে তুলতে চাই আমরা।’
এই মিশনে দলটির সবচেয়ে বড় অস্ত্র শেখ রাসেলকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রাখা হাইতিয়ান খেলোয়াড় সনি নর্দে, যাঁকে রেকর্ড ৭৩ হাজার ডলারে (প্রায় ৫৭ লাখ টাকা) চুক্তিবদ্ধ করেছে শেখ জামাল। গতবারের নাইজেরিয়ান মিডফিল্ডার ওকোমেরি, ফেমি, নর্দের স্বদেশি স্ট্রাইকার ওয়েডসন, নবাগত মিডফিল্ডার আবদুল্লাহকেও নিবন্ধন করানো হলো। গতবারের ডিফেন্ডার আওয়ারা এবং পোল্যান্ডে খেলা নাইজেরিয়ান ফরোয়ার্ড ড্যানিয়েল যুক্ত হবেন।
বিদেশি খেলোয়াড় সংগ্রহ আগের চেয়ে ভালো। স্থানীয় খেলোয়াড়ও বলার মতো। দেশের প্রথম সারির তিন গোলরক্ষকই শেখ জামালে—মোস্তাক, জিয়া ও হিমেল। শেখ রাসেলের ডিফেন্ডার লিংকন, মোহামেডানের ইয়াসিন, মুক্তিযোদ্ধার দিদার, বিজেএমসির কেষ্ট, মোহামেডানের মিডফিল্ডার সোহেল রানা, মোবারক, আবাহনীর স্ট্রাইকার শাখাওয়াত রনি, বিজেএমসির তকলিচ শেখ জামালে নাম লিখিয়েছেন। ডিফেন্ডার নাসির চৌধুরী, রায়হান, ইয়ামিন, মিডফিল্ডার রাজু, শাহেদ, আলমগীর রানারা থেকে গেছেন।
কোচ যোসেফ আপুসি নতুন দল নিয়ে খুবই আশাবাদী, ‘গতবার আমরা তিনটি টুর্নামেন্টে রানার্সআপ হয়েছি। এবার আমরা সেরা দল গড়েছি। কাজেই সব ট্রফি জেতার প্রত্যাশা আমরা করতেই পারি।’ তবে আগে থেকেই রেফারিদের সতর্ক করে দিলেন মনজুর কাদের, ‘রেফারিং যেন নিরপেক্ষ হয়!’