নয় গোল, হ্যাটট্রিক সবই বিদেশিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগের অন্য নাম ‘বিদেশিদের লিগ’। বিদেশি মানে বড় শরীরের আফ্রিকানরাই সবকিছুর কেন্দ্রে। কালকের দিনটিকে তো অনায়াসে ‘বিদেশিদের দিন’ বলা যায়।তিন ম্যাচে গোল হয়েছে নয়টি, সব কটিই করেছেন বিদেশিরা। হ্যাটট্রিক আছে একটি, দুটি লাল কার্ডও দেখেছেন দুই বিদেশি।দিনটা অবশ্য কারও জন্য আনন্দের, কারও জন্য দুঃখের। গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা টাঙ্গাইলে ৪৭ ও ৬৬ মিনিটে দুবার বিজেএমসিকে এগিয়ে নেন। কিন্তু ৫৮ ও ৭৭ মিনিটে মোহামেডানকে ম্যাচে ফিরিয়েছেন বেনিনের ফরোয়ার্ড ওলাডিক। ২-২ গোলে ড্র ম্যাচটা বাঙ্গুরা আর ওলাডিককে দিয়েছে দুই রকম অনুভূতি।সবচেয়ে ভালো কেটেছে নাইজেরিয়ান স্ট্রাইকার রোলান্ডের, দিনের একমাত্র হ্যাটট্রিকটি তাঁরই। ফেনীতে রহমতগঞ্জের বিপক্ষে তাঁর দল সকারও পেয়েছে বড় জয় (৩-০)। ৩০ মিনিটে প্রথম গোল পেনাল্টি থেকে করেছেন রোলান্ড, পরের দুটি ৮০ মিনিটে ও অতিরিক্ত সময়ে। এই ম্যাচেই লাল কার্ড দেখেছেন সকারের মোস্তফা কাবা ও রহমতগঞ্জের ফেলিক্স।বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিংসলে ও জোয়েলের প্রথমার্ধে করা ২ গোল ধরে রেখে ফরাশগঞ্জকে হারিয়েছে আরামবাগ (২-০)। এটি এই লিগে তাদের তৃতীয় জয়। সর্বশেষটি এসেছিল চার ম্যাচ আগে। ফলে আরামবাগের উদ্যাপনটা ছিল বাঁধভাঙা। সকার ভেসেছে আরও বড় আনন্দে। আট ম্যাচ অপেক্ষার পর লিগে চতুর্থ জয় ফেনীর দলটাকে দিয়েছেন নতুন প্রাণ। অবনমনের লড়াইটাও তাই জমল আরও। রহমতগঞ্জ ১৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে যথারীতি সবার নিচে। নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ১৬ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া আরামবাগ। ব্রাদার্স (১৫), সকার (১৬), ফরাশগঞ্জ (১৭) অবনমন বাঁচানোর লড়াইয়ে। এই দলগুলোর সবারই বসবাস এখন বিপৎসীমার মধ্যে।১৬ ম্যাচে ২২ পয়েন্ট মোহামেডানের। অবনমন নিয়ে দুশ্চিন্তামুক্ত সাদা-কালোরা। বিজেএমসির পয়েন্ট ১৭ ম্যাচে ২৭। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তৃতীয় স্থান ধরে রাখাও বিজেএমসির বড় চ্যালেঞ্জ। তাদের ঘাড়ের পর গরম নিঃশ্বাস ফেলছে শেখ রাসেল-শেখ জামাল।